অটোমোবাইল ডেস্ক
২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৪১ পিএম
বিশ্বের অন্যতম বৃহৎ অটোমোবাইল বাজার ভারতে বৈদ্যুতিক গাড়ির (ইভি) জোয়ারে দিশেহারা মার্কিন ধনকুবের ইলন মাস্কের সংস্থা টেসলা। চলতি বছরের জানুয়ারি মাসের পরিসংখ্যান বলছে, ভারতীয় কোম্পানি টাটা এবং মাহিন্দ্রার কাছে রীতিমতো ধরাশায়ী হয়েছে আমেরিকার এই ইভি জায়ান্ট। বিক্রির তালিকায় টেসলার অবস্থান এখন ১১ নম্বরে।
টাটার একাধিপত্য, লড়াইয়ে মাহিন্দ্রা-এমজি
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ভারতে বৈদ্যুতিক গাড়ি বিক্রির সূচক গত বছরের তুলনায় (Year-on-Year) প্রায় ৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ঊর্ধ্বমুখী বাজারে বরাবরের মতোই শীর্ষস্থান ধরে রেখেছে টাটা মোটরস।
আরও পড়ুন: সাড়ে ৩ লাখে পাওয়া যাচ্ছে মারুতির এই ব্র্যান্ড নিউ কার
টাটা: জানুয়ারিতে রেকর্ড ৭,৮৫২টি ইভি বিক্রি করে তালিকার শীর্ষে রয়েছে।
এমজি (MG): ৪,৬০৬টি গাড়ি বিক্রি করে দ্বিতীয় স্থানে উঠে এসেছে এই সংস্থাটি।
মাহিন্দ্রা: ৩,৫৮৯টি ইভি বিক্রি করে নিজেদের শক্ত অবস্থান জানান দিয়েছে তৃতীয় স্থানে।

যেখানে দাঁড়িয়ে টেসলা
বিলাসবহুল ইভি নিয়ে ভারতে বড় স্বপ্ন দেখলেও ইলন মাস্কের টেসলা কার্যত মুখ থুবড়ে পড়েছে। জানুয়ারিতে পুরো ভারতে টেসলার গাড়ি বিক্রি হয়েছে মাত্র ৩৭টি। এর আগে দক্ষিণ কোরিয়ার হুন্ডাই (৩২৬টি), জার্মান বিএমডব্লিউ (৩১২টি), এমনকি কিয়া এবং মারুতি সুজ়ুকিও টেসলার চেয়ে অনেক বেশি গাড়ি বিক্রি করেছে। তালিকার তলানিতে টেসলার ঠিক উপরেই রয়েছে মার্সিডিজ় বেঞ্চ।
ইউরোপীয় ইউনিয়নের সাথে চুক্তি: বদলে যাবে সমীকরণ?
বাজার বিশ্লেষকদের মতে, টেসলার এই পিছিয়ে পড়ার অন্যতম কারণ হলো উচ্চমূল্য এবং স্থানীয় প্রতিযোগিতার অভাব। তবে সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের (EU) সঙ্গে ভারতের মেগা বাণিজ্যচুক্তি পরিস্থিতি বদলে দিতে পারে। এই চুক্তির ফলে ইউরোপ থেকে আমদানি করা বৈদ্যুতিক গাড়ির ওপর করের হার কমবে। ফলে আগামী দিনে বিএমডব্লিউ বা ভলভো-র মতো গাড়িগুলো সস্তা হলে মাস্কের টেসলা আরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়বে।
এজেড