চট্টগ্রাম ব্যুরো
১৭ এপ্রিল ২০২২, ০৪:৪১ পিএম
রমজানে নাগরিকদের চলাচলে জনদুর্ভোগ কমাতে ও ঈদযাত্রায় বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপির) ট্রাফিক বিভাগ থেকে বেশ কিছু নির্দেশনা নেওয়া হয়েছে। রোববার (১৭ এপ্রিল) দুপুরে সিএমপির ট্রাফিক দক্ষিণ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঈদে সড়কে বাড়তি চাপ থাকে। মোটামুটিভাবে ১০ রমজানের পর এই চাপ সামলানো চ্যালেঞ্জিং হয়ে পড়ে। এই চাপ কমাতে ট্রাফিক ব্যাবস্থাপনা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। নগরীর বিভিন্ন মার্কেট কেন্দ্রিক যানজট নিরসনে ব্যবসায়ী সংগঠন, হকার্স নেতৃবৃন্দ ও বিভিন্ন পরিবহন মালিক, শ্রমিক সমিতির সাথে মতবিনিময় সভা হয়েছে। সভায় সকলের সম্মিলিত মতামতের মাধ্যমে ৮টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নগরবাসীকে এই সিদ্ধান্তগুলো মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো:
১. খাতুনগঞ্জগামী মালবাহী ট্রাক-কাভার্ডভ্যানগুলো টেরিবাজার রোড দিয়ে প্রবেশ না করে বিকল্প সড়ক হিসেবে জেল রোড (শাহ আমানত মাজার রোড) দিয়ে খাতুনগঞ্জে প্রবেশ করবে। একই সঙ্গে লোড-আনলোড শেষে সকল গাড়ী মেরিন ড্রাইভ রোড দিয়ে বের হয়ে যাবে। এছাড়া নগরীর টেরিবাজার ও হাজারি গলির মুখে যানজট নিরসনে টেরিবাজার মেইন রোড গ্যাপ বন্ধ রাখা হবে এবং টেরিবাজার রোডে সকল ধরনের ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
২. চাক্তাইগামী মালবাহী সকল ট্রাক-কাভার্ড ভ্যান রাজাখালী রোড দিয়ে প্রবেশ করবে। এরপর লোড-আনলোড শেষে চাক্তাই রোড ব্যবহার করে মেরিন ড্রাইভ রোড দিয়ে হয়ে বের হয়ে যাবে।
৩. গরিবুল্লাহ শাহ মাজার কেন্দ্রিক দুরপাল্লাগামী এসি বাস স্কুল চলাকালে জাকির হোসেন রোড ব্যবহার করতে পারবে না। এই সময়টাতে সকল বাস বায়েজিদ লিংক রোড ব্যবহার করবে। যাত্রী ওঠানামার জন্য প্রতি কাউন্টারে কোনো বাস ১০ মিনিটের বেশী সময় দাঁড়াতে পারবে না। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত আন্তঃজেলা কোনো নন-এসি বাস শহরের অভ্যন্তরে প্রবেশ করতে পারবে না। এছাড়া কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান হতে ঢাকা বা দূরবর্তী জেলার যাত্রীবাহী বাসগুলো বায়েজিদ লিংক রোড দিয়ে চলাচল করবে।
৪. রমজান ও ঈদকে সামনে রেখে কোন অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তাছাড়া ঈদের ছুটিকে সামনে রেখে অস্থায়ীভাবে কাউন্টার অথবা মৌসুমী কাউন্টার স্থাপন করে টিকেট বিক্রি করা যাবে না।
৫. ঈদের ভাড়া টানাতে স্বল্পপাল্লার (সিটি সার্ভিস/টাউন সার্ভিস) বাস দিয়ে দূরপাল্লার রুটে যাত্রী পরিবহন করা যাবে না।
৬. সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং বা যাত্রী উঠানামা করা যাবে না। অবৈধ পার্কিং-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
৭. মার্কেট কেন্দ্রীক সকল ধরণের মালামাল লোড-আনলোড রাত ১২টা থেকে সকাল ৭টার মধ্যে শেষ করতে হবে এবং নির্দিষ্ট সময়ের বাইরে কোনো মালামাল লোড-আনলোড করা যাবে না।
৮. প্রত্যেক মার্কেটের সামনে আগত ও গমনাগমনকৃত যানবাহন ব্যবস্থাপনা ও যানজট নিরসনে মার্কেট ব্যবসায়ী মালিক সমিতি কর্তৃক পর্যাপ্ত সংখ্যক জনবল বা সিকিউরিটি নিয়োগপূর্বক তাদের কার্যক্রম তদারকি করতে হবে।
আরকে/এএ