জেলা প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৬:৫৭ পিএম
পুলিশের সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘হ্যালো ওসি’র পর এবার ‘সিএমপি সার্ভিস সেন্টার’ চালু করেছে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি)।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বেলা ১১টায় চট্টগ্রামের ডবলমুরিং থানার আগ্রাবাদ বাদামতলী মোড়ে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় সিএমপি কমিশনার বলেন, আমাদের দেশে পুলিশের সঙ্গে সাধারণ মানুষের দূরত্ব বহুদিনের। বিভিন্ন সমস্যার পড়েও মানুষ হয়রানির ভয়ে পুলিশের কাছে আসতে চায় না। পুলিশ ও জনসাধারণের মাঝে এই দূরত্ব আমরা ঘুঁচাতে চাই। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে সহজে মানুষের কাছে সেবা নিয়ে যেতে চাই।
সিএমপির পক্ষ থেকে জানানো হয়, মোবাইল এবং গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হারানো সংক্রান্ত সিএমপি’র সকল থানার সাধারণ ডায়েরি (জিডি ) ‘সিএমপি সার্ভিস সেন্টারে’ লিপিবদ্ধ করা যাবে। জিডির আবেদনটি অনলাইনে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে জিডি রেকর্ড হওয়ার পর পুনরায় থানা থেকে অনলাইনে সার্ভিস সেন্টারে পাঠানো হবে।
এছাড়া সার্ভিস সেন্টারে ট্রাফিক পুলিশের সঙ্গে সম্পর্কিত যেকোনও মামলার জরিমানা, ট্রাফিক পুলিশের করা মামলায় জব্দ করা কাগজপত্র যানবানের চালককে প্রদানের সুযোগ থাকছে।
জিডি করা এবং ট্রাফিকের মামলা সংক্রান্ত সেবা পাওয়ার জন্য সেবাপ্রার্থীকে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নিজের নামে নিবন্ধিত মোবাইল নম্বর সঙ্গে আনতে হবে। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সার্ভিস সেন্টারে সেবা প্রদান করা হবে।
সিএমপি সূত্রে জানা যায়, নগরীর আগ্রাবাদ গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা হওয়ায় এখানে অনেক মানুষকে কাজে আসতে হয়। সিএমপির সার্ভিস সেন্টারে এসে সহজেই তারা সেবা নিতে পারবেন। পর্যায়ক্রমে চট্টগ্রাম নগরীর আরও কয়েকটি স্থানে সার্ভিস সেন্টার স্থাপন করা হবে বলেও জানানো হয়।
উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে মানুষের কাছে সহজে সেবা পৌঁছে দিতে চট্টগ্রামের কোতোয়ালী থানায় ‘হ্যালো ওসি’ কার্যক্রম চালু করে তাক লাগিয়ে দিয়েছিল সিএমপি। পরে আরও কয়েকটি থানায় এই সেবা চালু হয়। যা দেশজুড়ে প্রশংসিত হয়।
এএ