Dhaka Mail Logo

সারাদেশ

শ্বশুরবাড়ি থেকে আ.লীগ নেত্রী কেকার মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৪ অক্টোবর ২০২৫, ০১:১৯ এএম

ঝালকাঠি জেলার সাবেক যুব মহিলা লীগ নেত্রী শারমিন মৌসুমি কেকার মরদেহ শ্বশুর বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর) রাত ৯টার দিকে বরিশাল নগরীর সদর অশ্বিনী কুমার হলের সামনের একটি বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। লাশের শরীরে ক্ষতচিহ্ন রয়েছে। রাত ৯টায় লাশটি উদ্ধার হলেও বিকেল ৫টার দিকে মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। কেকাকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবারের স্বজনরা।

সাবেক এই আওয়ামী লীগের প্রভাবশালী নেত্রীর রহস্যজনক মৃত্যু নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে নগরীজুড়ে। মৃত কেকা নগরীর সদর রোড এলাকার হিরন আহমেদ লিটুর স্ত্রী ও ঝালকাঠি জেলার সাবেক আওয়ামী লীগ নেত্রী ছিলেন।

কোতোয়ালি মডেল থানার সাব-ইন্সপেক্টর আব্দুল মাজেদ জানান, আমরা সরকারি জরুরি সেবার ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে দেখি একটি রুমের ভেতরে লাশটি পড়ে আছে। আমাদের সিনিয়র কর্মকর্তারা আসলে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তবে আমরা সংবাদ পাওয়ার কয়েক ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। শরীরের কয়েকটি স্থানে ক্ষত চিহ্ন দেখা গেছে।

কেকার স্বজনরা জানান, কেকাকে হত্যা করেছে তার শ্বশুর বাড়ির পরিবার। মৃত্যুর খবর চাপা রাখতে কাউকে জানায়নি কেকার শ্বশুর বাড়ির পরিবার। এমনকি আমরা উপস্থিত হয়ে দেখতে পাই যে রুমের ভেতরে কেকার লাশ; সেই রুমের সামনে লিটু একটি রামদা নিয়ে বসে আছে। রুমে কাউকে প্রবেশ করতে দেয়নি। পুলিশ আসার পরে রুমে প্রবেশ করি। এই ঘটনায় বাদী হয়ে মামলা দায়ের করবে কেকার পরিবার।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, লাশটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার পরিবার লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।