জেলা প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৫, ১০:০৩ পিএম
হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে টিকিট কালোবাজারি রোধে র্যাব-৯ এর উদ্যোগে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। টিকিটে নামের অমিল, টিকিট মূল্যের অধিক দূরত্বে ভ্রমণ ও বিনা টিকিটে বিভিন্ন ট্রেনে ভ্রমণ করার দায়ে ৭ জন যাত্রীকে ২ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৫ অক্টোবর) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ সিলেট মিডিয়া অফিসার অতি. পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। এর আগে বিকেলে ওই অভিযান পরিচালিত হয়।
আরও পড়ুন
এ অভিযানে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পল্লব হোম দাস, র্যাব, শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ও স্টেশন মাস্টারসহ সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন।
র্যাব সূত্র জানায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে ট্রেনের টিকিট কালোবাজারে বিক্রির অভিযোগ অনেক দিনের। ইদানীং ঢাকা-সিলেট মহাসড়কে বাসযাত্রীদের দুর্ভোগ বেড়ে যাওয়ায় ট্রেনের টিকিটের চাহিদা বাড়ার সুযোগে টিকিট কালোবাজারিদের উৎপীড়ন ব্যাপক হারে বৃদ্ধি পায়। টিকিট যার, ভ্রমণ তার এই স্লোগানকে সামনে রেখে র্যাব-৯ টিকিট কলোবাজারি রোধে সচেষ্ট হয়েছে।
এরই প্রেক্ষিতে জেলা প্রশাসনের সহায়তায় র্যাব-৯ এর বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ৭ জন যাত্রীকে জরিমানা করা হয়।
প্রতিনিধি/এসএস