জেলা প্রতিনিধি
০১ নভেম্বর ২০২৫, ১০:৪৩ পিএম
সিলেট-ঢাকা-কক্সবাজার রুটে দুটি স্পেশাল ট্রেন চালুসহ ৮ দফা বাস্তবায়নের দাবিতে শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) দুপুরে শায়েস্তাগঞ্জ প্রেসক্লাবের সহযোগিতায় এর আয়োজন করে ৮ দফা দাবি বাস্তবায়ন আন্দোলন শায়েস্তাগঞ্জ।
শায়েস্তাগঞ্জ প্রেসক্লাব সভাপতি মঈনুল হাসান রতনের সভাপতিত্বে ও উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান সুমনের সঞ্চালনায় এতে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা কাজী গোলাম মর্তুজা, সিনিয়র সাংবাদিক সৈয়দ আশরাফ উদ্দিন, মামুন, শাহ মো. হুমায়ূন কবীর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহিদ আহমেদ সোহেল, সাংবাদিক হামিদুল হক বুলবুল, ইনজামামুল হক নাঈম, পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবু সুফিয়ান পারভেজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শামছুল আলম রিপনসহ গণ্যমান্য ব্যক্তিরা।
দাবিগুলো হচ্ছে- সিলেট-আখাউড়া রেলপথ সংস্কার ও ডুয়েলগেজ ডাবল লাইনে উন্নীতকরণ, সিলেট-আখাউড়া সেকশনে একটি লোকাল ট্রেন চালু, সিলেট-আখাউড়া সেকশনে সব বন্ধ স্টেশন চালুকরণ; শায়েস্তাগঞ্জ, কুলাউড়া জংশনে আন্তঃনগর ট্রেনে বরাদ্দ করা আসন সংখ্যা বৃদ্ধিকরণ, সিলেট-ঢাকাগামী কালনী ও পারাবত ট্রেনের আজমপুরের পর ঢাকা অভিমুখে সব স্টেশনের যাত্রা বিরতি প্রত্যাহার, সিলেটের সঙ্গে চলাচলকারী ট্রেনের শিডিউল বিপর্যয় রোধে ত্রুটিমুক্ত ইঞ্জিন যুক্ত করা, যাত্রীদের চাহিদা অনুপাতে প্রতিটি ট্রেনে অতিরিক্ত বগি সংযোজন করা এবং শায়েস্তাগঞ্জ-বাল্লা রেলপথ সংস্কার করে পুনরায় ট্রেন চালু করা।
বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত মেনে নিতে হবে। অন্যথায় সিলেট বিভাগের শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, শমসেরনগর, কুলাউড়া, মাইজগাঁও ও সিলেট রেল স্টেশনে একযোগে পুনরায় শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালন করা হবে।
প্রতিনিধি/এসএস