Dhaka Mail Logo

সারাদেশ

রংপুরে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন: ট্রাক সেল বাড়ানোর দাবি

জেলা প্রতিনিধি

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৮ পিএম

পবিত্র রমজান মাস উপলক্ষ্যে সারাদেশের মতো রংপুর নগরীর ১৫টি স্থানে ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন অফ বাংলাদেশ (টিসিবি)। রংপুর সিটির ৩৩ টি ওয়ার্ডের মধ্যে ১৫ টি ট্রাকসেলে টিসিবির পণ্য বিক্রির কারণে পণ্য কিনতে মানুষের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। যে স্পটে টিসিবির ট্রাক দাঁড়াবে, সেই স্পটে আগে থেকেই লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে নিম্ন-মধ্য আয়ের মানুষকে। টিসিবির পণ্য নিতে এসে দুর্ভোগের শেষ নেই। সেই দুর্ভোগ কমাতে প্রতিটি ওয়ার্ডে একটি করে ট্রাক সেলের মাধ্যমে পণ্য বিক্রির দাবি জানিয়েছেন নিম্ন আয়ের মানুষ।

সারাদেশের মতো রংপুরেও বুধবার (১৭ ফেব্রুয়ারি) মঙ্গলবার সকাল থেকে পুরোদমে শহরের বিভিন্ন স্থানে এই পণ্য বিক্রি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ভোক্তারা প্রচলিত বাজার দরের চেয়ে কম দামে সয়াবিন তেল, মসুর ডাল, চিনি, ছোলা এবং খেজুর কিনতে পারছেন। আগামী ১২ মার্চ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

টিসিবি সূত্রে জানা গেছে, রমজানের নিয়মিত পণ্যের সাথে ছোলা এবং খেজুর যুক্ত করা হয়েছে। প্রতিটি প্যাকেজের মূল্য ৫৯০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রতিদিন প্রতিটি ট্রাক থেকে পণ্য কিনতে পারবেন প্রায় ৪০০ জন গ্রাহক। সেই হিসেবে প্রতিদিন ৬ হাজার মানুষ এই পণ্য নিতে পারবেন।

টিসিবি পণ্য কিনতে আসা বাবলু মিয়া জানান, টিসিবির পণ্য হতদরিদ্র পরিবারের জন্য এটি বিশাল পাওয়া। বাজারের যা অবস্থা, টিসিবির এই সেবা সাময়িকভাবে হলেও আমাদের জন্য উপকার। যদিও নির্দিষ্ট পণ্য। তারপরও পুরো রমজান পর্যন্ত আমরা এই সেবা চাই।

আরও পড়ুন

টাঙ্গাইলে রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি শুরু

রমজান আলী জানান, সত্যি বলতে অন্যান্য দেশে কি হয়, জানি না, তবে বাংলাদেশে রমজান মাস এলে সব খাদ্যপণ্যসহ সব জিনিসের দাম দ্বিগুণ হারে বাড়ে। আগামীকাল থেকে শুরু হচ্ছে রমজান মাস। সব পণ্যের ইতোমধ্যে দাম বেড়েছে। আমরা যারা নিম্ন আয়ের মানুষ, আমাদের জন্য খুবই কষ্টের মাস। টিসিবি কিছু পণ্য সুলভমূল্যে ভর্তুকি দিয়ে আমাদের দিচ্ছে, এটা ভালো উদ্যোগ। তবে আরও ট্রাক বাড়ালে ভালো হতো।

কুলসুন বেগম বলেন, দিন আনি দিন খাই, টিসিবির জিনিস নিতে আসলে, দিনটা চলি যায়। সকাল থেকেই লাইনে আছি। এখনও কিছু পাই নাই। কখন পাবো, তারও কোনো নিশ্চয়তা নাই। গরীব মানুষ তাই কাম ফেলে লাইনে দাঁড়াইছি। কষ্ট হলেও করার কিছু নাই।

টিসিবির রংপুর আঞ্চলিক উপপরিচালক ও অফিস প্রধান হাবিবুর রহমান বলেন, পণ্যগুলি সাপ্তাহিক এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিক্রি করা হবে। ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি সাধারণ গ্রাহকরাও টিসিবির পণ্যগুলি কিনতে পারবেন। রংপুর সিটি করপোরেশনের আওতায় নিম্ন আয়ের মানুষ যাতে সবাই পণ্য সংগ্রহ করতে পারে, সেই জন্য একেক দিন একেক স্পটে বিক্রি হবে পণ্য। তবে আপাত রংপুর সিটি করপোরেশনের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ১৫টি ট্রাকসেলে বিক্রির সিদ্ধান্ত রয়েছে। রংপুর সিটি ছাড়া বিভাগের লালমনিরহাট, কুড়িগ্রাম ও নীলফামারী জেলায় ৫টি পয়েন্টে পণ্য বিক্রি অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস