Dhaka Mail Logo

সারাদেশ

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা গ্রহণযোগ্য হয়নি: লুৎফুজ্জামান বাবর

জেলা প্রতিনিধি

০৯ মে ২০২৬, ০৮:৫৩ এএম

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, চলতি বোরো মৌসুমে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের যে তালিকা এখানে প্রস্তুত করা হয়েছে, সেটি গ্রহণযোগ্য হয়নি। তালিকায় অনেক বেশি নাম অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করা হবে।

শুক্রবার (৮ মে) বিকেলে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার নূরানীপুর গ্রামে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে স্থানীয় জনতার উদ্দেশ্যে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। এসময় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীনসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, বিএনপি ও প্রশাসনের সম্মিলিত প্রচেষ্টায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত কৃষকদের একটি তালিকা করা হয়েছিল। তবে সেই তালিকায় প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশাপাশি অপ্রয়োজনীয় অনেক নামও এসেছে। এজন্য নতুন করে তালিকা করা হবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের অগ্রাধিকার ভিত্তিতে সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, ঈদের আগেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেওয়ার ব্যবস্থা করা হবে। ইতোমধ্যে বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

তিনি বলেন, নতুন তালিকায় বর্গাচাষি ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দেওয়া হবে। যারা বাস্তবিক অর্থে ক্ষতির শিকার হয়েছেন এবং সহায়তা পাওয়ার যৌক্তিকতা রাখেন, তাদেরই অন্তর্ভুক্ত করা হবে।

হাওরাঞ্চলের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, আমরা বিচ্ছিন্নভাবে উন্নয়ন চাই না। হাওরের বাস্তবতা বিবেচনায় পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি উন্নয়ন চাই।

প্রতিনিধি/টিবি