Dhaka Mail Logo

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

জেলা প্রতিনিধি

১৮ মে ২০২৬, ০২:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে ইয়াবা সেবন মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি মরণ মিয়া (৪০) মারা গেছেন।

সোমবার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে বেলা ১১টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরণ মিয়া ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের বায়জিদ মিয়ার ছেলে।

হাসপাতাল ও কারাগার সূত্রে জানা গেছে, সোমবার সকালে কারাগারে নাস্তা করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মরণ মিয়া। এ সময় কারাগারের চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে দ্রুত তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীতে ভাসছিল অজ্ঞাত পরিচয় যুবকের অর্ধগলিত মরদেহ

কারাগারের চিকিৎসক ডা. শাখাওয়াত হোসেন তানভীর জানান, অসুস্থ হওয়ার পরপরই মরণ মিয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পৌঁছানোর পর তার প্রেসার, পালস ও অক্সিজেন লেভেল পাওয়া যাচ্ছিল না। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি স্ট্রোকজনিত কারণে মারা গেছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার মো. মজিবুর রহমান মজুমদার জানান, গত ৯ মে ইয়াবা সেবন মামলায় সাজাপ্রাপ্ত হয়ে মরণ মিয়া কারাগারে আসেন। সোমবার সকালে অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মরদেহ জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

প্রতিনিধি/এসএস