Dhaka Mail Logo

সারাদেশ

রাজশাহীতে এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত

জেলা প্রতিনিধি

০৭ জুন ২০২৬, ০৪:৪৯ পিএম

রাজশাহীতে নন্দিনী ঘোষ নামে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত করা হয়েছে। সে স্থানীয় আদর্শ উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থী।

রোববার (৭ জুন) দুপুর পৌনে ১টার দিকে কাজলা এলাকায় এ ঘটনা ঘটে।

আরএমপির মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, রোববার দুপুরে স্কুলে ব্যবহারিক (প্র্যাকটিক্যাল) খাতা প্রস্তুতের কাজে এসেছিল নন্দিনী। কাজ শেষে স্কুল থেকে ফিরে যাওয়ার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে ডেকে নিয়ে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত নন্দিনী ঘোষকে হাসপাতালের ৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

এ বিষয়ে নগরীর মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানান, ঘটনাটি আজ দুপুরের। আহত শিক্ষার্থীকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত আসামিকে দ্রুত গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রতিনিধি/এসএস