Dhaka Mail Logo

সারাদেশ

বদলগাছীতে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ট্রাকচাপায় বৃদ্ধা নিহত

জেলা প্রতিনিধি

১৪ জুন ২০২৬, ১০:৪০ পিএম

নওগাঁর বদলগাছীতে মেয়ের বাড়িতে দাওয়াত খেয়ে ছেলের মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামসুন্নাহার (৭৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

রোববার (১৪ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার বদলগাছী-আক্কেলপুর আঞ্চলিক সড়কের ছোট যমুনা নদীর সেতুর পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার জেলার মহাদেবপুর উপজেলার জন্তীগ্রাম এলাকার মৃত নাজিম উদ্দিনের স্ত্রী।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার সদরে মেয়ের বাড়ি থেকে ফেরার পথে ছেলে আর্সাদুল হকের মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন শামসুন্নাহার। পথে ডাকবাংলো সড়ক থেকে আঞ্চলিক মহাসড়কে উঠার সময় ভান্ডারপুর দিক থেকে আসা ধানবোঝাই একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেলে বসে থাকা শামসুন্নাহার ভারসাম্য হারিয়ে সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর ট্রাক ফেলে রেখে ট্রাকচালক পালিয়ে যান।

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাক চালক পালিয়ে যাওযায় তাকে আটক করা সম্ভব হয়নি। তবে দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

প্রতিনিধি/এসএস