Dhaka Mail Logo

সারাদেশ

গাইবান্ধায় দোকানে চা পানের সময় পিটিয়ে হত্যা, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি

১৫ জুন ২০২৬, ০৮:১০ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মমতাজ আলী (৫০) নামের এক ব্যক্তি একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এ সময় প্রভাষ কিসকো (৩০) নামের এক যুবক তাকে পেছন থেকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার মামলার আসামি প্রভাষ কিসকোকে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার (১৫ জুন) বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি প্রভাষ কিসকো গোবিন্দগঞ্জ উপজেলার ভুতগাড়ী গ্রামের মৃত খারিয়া কিসকো ও দুলার মুরমু দম্পতির ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রভাস কিসকোর সঙ্গে মতাহ আলীর পূর্ব শত্রুতা ছিল। গত ৫ জুন মমতাজ আলী জুম্মার নামাজ পড়ে স্থানীয় সুজা মিয়ার দোকানে চা পান করছিলেন। এরই মধ্যে প্রভাষ কিসকো পূর্ব শত্রুতার জেরে লাঠি নিয়ে পেছন থেকে মততাজ আলীকে সজোরে মাথায় আঘাত করে গুরুতর জখম করেন। এসময় স্থানীয় লোকজন মমতাজ আলীকে চিকিৎসার জন্য ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুন মারা যান তিনি। এ ঘটনায় নিহতের ছোটভাই আবু সাঈদ বাদী হয়ে ১২ জুন গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তখন থেকে আসামি প্রভাষ কিসকো আত্মগোপনে থাকেন। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় রংপুর জেলার পীরগঞ্জের বড় আলমপুর ইউনিয়নের পাটগ্রাম গ্রামের নিকোলাস সরেনের বাড়ি থেকে আসামি প্রভাষ কিসকোকে গ্রেফতার করতে সক্ষম হয়।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতার আসামিকে গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রতিনিধি/এসএস