Dhaka Mail Logo

সারাদেশ

লালপুরে পদ্মায় নৌকা থেকে গুলিবিদ্ধ ব্যক্তির মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি

১৬ জুন ২০২৬, ০৫:৩৯ পিএম

নাটোরের লালপুরে পদ্মা নদীর তীর থেকে নৌকার ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই ব্যক্তির নাম সাহাবুল প্রামানিক (৪২)।

মঙ্গলবার (৬ জুন) দুপুরে লালপুর উপজেলার রাইটার চর এলাকার পদ্মা নদীর কিনারা থেকে উদ্ধার করা হয় ওই মরদেহটি।

নিহত সাহাবুল প্রামাণিকের বাড়ি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকায়। তিনি ওই এলাকার মো. ইউনূস প্রামাণিকের ছেলে।

পুলিশ জানান, সোমবার (১৫ জুন) দিনগত মধ্যরাতে মোটরসাইকেলযোগে পদ্মার চরে আসা অজ্ঞাতনামা ৫-৬ জন অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারায় এলোপাথাড়ি গুলি চালায়। এতে শ্যালো ইঞ্জিনচালিত মাছ ধরা নৌকায় থাকা মো. সাহাবুল ইসলামের ডান কাঁধের পেছনে গুলিবিদ্ধ হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় গুলির শব্দে নৌকায় থাকা মো. রবিউল ইসলাম নামে এক জেলে পদ্মা নদীতে ঝাঁপ দেয়। এতে তিনি প্রাণে বাঁচেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় লালপুর থানার ওসি ও লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এসআই (নি.) মো. সেলিম মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এর আগে, গত ১০ই জুন মঙ্গলবার বিকেলে পদ্মা নদীর কিনার থেকে স্পিডবোটের ভেতর থেকে আজিজুল হক ঝড়ু (৩৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ। এক সপ্তাহের ব্যবধানে আরও এক ব্যক্তির মরদেহ পাওয়ার খবরে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আহত জেলে রবিউল ইসলাম জানান, দুইদিন আগে নিজস্ব নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যান তারা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীর কাউকে চেনেন না বলে তিনি জানিয়েছেন।

লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ি এসআই (নি.) মো. সেলিম মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

প্রতিনিধি/এসএস