Dhaka Mail Logo

সারাদেশ

খুলনার সমাবেশে যাওয়ার পথে জামায়াত নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ, আহত ৬

জেলা প্রতিনিধি

২০ জুন ২০২৬, ১০:১৬ পিএম

খুলনায় ১১ দলীয় সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বাগেরহাটে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ছয়জন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি।

শনিবার (২০ জুন) দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের পারকুরশাইল এলাকায় এ ঘটনা ঘটে।

জামায়াতে ইসলামী মনোনীত চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম হামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ব্যক্তিরা হলেন চিতলমারী উপজেলার শিবপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি ইস্রাফিল মোল্লা এবং কর্মী সাইফুল কাজী, ফেরদৌস শেখ, বাদশা চৌধুরী, সামাদ মোল্লা ও ইজিবাইকচালক শহীদ শেখ। তাদের মধ্যে সাইফুল কাজী ও ফেরদৌস শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

0c859af8-c04f-4596-9fe5-20452e760d54

জামায়াতের নেতাকর্মীদের দাবি, শিবপুর এলাকা থেকে ১০টি ইজিবাইকে করে তারা খুলনার সমাবেশে যাচ্ছিলেন। পথে পারকুরশাইল এলাকায় পৌঁছালে মোটরসাইকেলে আসা ২০ থেকে ২২ জন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান। হামলাকারীরা সমাবেশে যেতে বাধা দিয়ে মারধর করেন বলে তাদের অভিযোগ।

জামায়াতে ইসলামী মনোনীত চিতলমারী উপজেলা চেয়ারম্যান প্রার্থী কামরুল ইসলাম বলেন, ঘটনাটি পরিকল্পিত। হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

c927fd68-6654-4815-8966-9549eafce99b

তবে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আরেফিন বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।

এদিকে খুলনায় অনুষ্ঠিত ১১ দলীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ ঘটনার নিন্দা জানান এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

প্রতিনিধি/এসএস