Dhaka Mail Logo

অর্থনীতি

১১ দিনের সফরে যুক্তরাষ্ট্র-কাতার যাচ্ছেন বিএসইসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

২৭ এপ্রিল ২০২৫, ১০:০৭ পিএম

ঢালাও দরপতনে প্রতিদিনই কমছে মূল্যসূচক ও বাজার মূলধন। পুঁজিবাজারে এই অস্থিরতা যেন থামছেই না। দেশের পুঁজিবাজারের এমন অস্থিতিশীল অবস্থায় প্রশিক্ষণ অনুষ্ঠান ও সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্র ও কাতারে যাচ্ছেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ ও কমিশনার মো. আলী আকবর। বিশ্বের বিভিন্ন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অফিসারদের নিয়ে আয়োজিত এসব অনুষ্ঠানে যোগ দেবেন তারা।

এর আগে, ২০ এপ্রিল অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে কমিশনের চেয়ারম্যানের এই সফরের জন্য ১১ দিনের ছুটি প্রদান করা হয়েছে।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব এম এম আশিক রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, ৫ মে থেকে ৯ মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ‘৩১তম ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর সিকিউরিটিজ মার্কেট গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এবং পরবর্তীতে ১২ মে থেকে ১৫ মে কাতারের দোহায় আইএসকো ৫০তম বার্ষিক সভায় অংশ নিতে মোট ১১ দিনের ছুটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হলো। এই ভ্রমণের সময় তিনি কর্তব্যরত হিসেবে বিবেচিত হবেন, তিনি সমস্ত বেতন এবং ভাতা পাবেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ভ্রমণ সম্পর্কিত সমস্ত ব্যয় বহন করবে এবং তিনি নির্ধারিত সময়ের বেশি বিদেশে থাকতে পারবেন না বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এমআর/এফএ