নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬, ১০:৫০ পিএম
দেশের তৈরি পোশাক শিল্পের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং সংগঠনের আর্থিক কার্যক্রম পর্যালোচনার মধ্য দিয়ে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। সভায় শিল্পের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন সংগঠনের নেতারা।
শনিবার (২০ জুন) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাহমুদ হাসান খান।
সভায় স্বাগত বক্তব্য দেন বিজিএমইএর প্রথম সহ-সভাপতি সেলিম রহমান। এতে বর্তমান পরিচালনা পর্ষদের সহ-সভাপতি ও পরিচালকরা ছাড়াও সাবেক সভাপতি, সাবেক সহ-সভাপতি, সাবেক পরিচালক, বিভিন্ন স্থায়ী কমিটির চেয়ারম্যান, সদস্য এবং সাধারণ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে জয়নুল আবদিন ফারুক এমপিও উপস্থিত ছিলেন।
সভায় ২০২৪-২৫ অর্থবছরের নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন ও অনুমোদন করা হয়। একই সঙ্গে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট অনুমোদনের পাশাপাশি নতুন অর্থবছরের জন্য নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান তার বক্তব্যে গত এক বছরে পরিচালনা পর্ষদের বিভিন্ন উদ্যোগ, অর্জন এবং পোশাক শিল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন। তিনি বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, প্রতিযোগিতা এবং বাজার পরিস্থিতির মধ্যে দেশের পোশাক খাতকে আরও শক্তিশালী করতে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার কথাও তুলে ধরেন।
অন্যদিকে বিজিএমইএর সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান সংগঠনের ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক প্রতিবেদন এবং ২০২৫-২৬ অর্থবছরের বাজেট সদস্যদের সামনে উপস্থাপন করেন।
সভার শেষাংশে বর্তমান পরিচালনা পর্ষদের সফল এক বছর পূর্তি উপলক্ষে সিলভার ক্লাব লিমিটেডের পক্ষ থেকে বিজিএমইএকে অভিনন্দন জানিয়ে একটি কেক উপহার দেওয়া হয়। পরে সংগঠনের নেতাদের উপস্থিতিতে কেক কেটে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এমআর/ক.ম