Dhaka Mail Logo

বিনোদন

‘টগর’ থেকে বাদ দীঘি, অপেশাদারিত্বের অভিযোগ পরিচালকের

বিনোদন প্রতিবেদক

২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:২২ পিএম

নতুন বছরের শুরুতে অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশের মাধ্যমে আলোচনায় আসে ‘টগর’ সিনেমাটি। এতে আদর আজাদের পাশাপাশি প্রার্থনা ফারদিন দীঘিও নজর কাড়েন। তবে আজ শনিবার ছবির মোশন পোস্টার প্রকাশ পেতেই জানা গেল দীঘিকে বাদ দেওয়া হয়েছে ‘টগর’ থেকে। তার জায়গায় যুক্ত হয়েছেন পূজা চেরি। 

নায়িকা পরিবর্তনের কারণ জানতে ছবির পরিচালক আলোক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে দীঘির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন তিনি। ঢাকা মেইলকে বলেন, ‘পেশাদারিত্বের অভাব ছিল দীঘির মধ্যে। সেকারণেই আমরা তার জায়গায় পূজাকে নিয়েছি। যদিও এ অবস্থায় পূজাকে যুক্ত করতে আমাদের বেগ পেতে হয়েছে। তবে শেষ পর্যন্ত তাকে নিতে পেরেছি। আমি মনে করি পূজাকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’  

p

দীঘির অসহযোগিতার ক্ষেত্রগুলো নির্দিষ্ট করে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘প্রত্যেক ক্ষেত্রে তার (দীঘির) অসহযোগিতা ছিল। তখন ভাবলাম শুরুতেই যদি এই প্রতিবন্ধকতাগুলোর সম্মুখীন হতে হয় তাহলে ছবি মুক্তির সময় প্রমোশনসহ বিভিন্ন ক্ষেত্রে আমাকে ভুগতে হবে। কেননা আমরা যত যা-ই বলি দিন শেষে একটি সিনেমার ক্ষেত্রে নায়ক-নায়িকা বড় বিষয়। ওই জায়গা থেকে অসহযোগিতা পেলে সমস্যা।’

সমস্যা বুঝতে পেরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে উল্লেখ করে ‘টগরে’র নির্মাতার ভাষ্য, ‘সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার করেছি। সেখানে আমাদের একটি লোকসান হয়েছে। বিষয়টি নিয়ে এভাবে এগুলে প্রযোজনা সংস্থার লোকসানের পরিমাণটা বাড়বে। সে কারণেই আগে থেকে সিদ্ধান্ত বদলেছি।’

457106662_893794939439779_810943425700356283_n

সবশেষে দীঘির উদ্দেশে আলোক হাসান বলেন, ‘তার উদ্দেশে বলব তাকে নিয়ে আমরা একটি বড় প্রজেক্টের জন্য বাজি ধরেছিলাম। ওই জায়গা থেকে তার আগ্রহ থাকার কথা থাকলেও উল্টো তাকে বলে বলে সব করাতে হয়েছে।’ এদিকে বিষয়টি নিয়ে কথা বলতে দীঘির সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সারা মেলেনি তার। 

এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর, পূজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম, রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিং এর উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই। 

349176303_233374439329522_854570378695302282_n

সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।