Dhaka Mail Logo

বিনোদন

কবে মুক্তি পাচ্ছে শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’? 

বিনোদন প্রতিবেদক

৩০ নভেম্বর ২০২৫, ০৫:০৫ পিএম

একগুচ্ছ কাজ আরিফিন শুভর হাতে। কোনোটা শেষ, কোনোটা মুক্তির অপেক্ষায়, কোনোটার শুটিং চলমান। নুসরাত ফারিয়াও ব্যস্ত সিনেমার কাজে। এ দুজন এক সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমায়। কবে মুক্তি পাচ্ছে ছবিটি— জানতে যোগাযোগ করা হয় পরিচালক অনম বিশ্বাসের সঙ্গে।

ঢাকা মেইলকে তিনি বলেন, ‘ছবিটির কাজ প্রায় শেষ। অনেক কিছুই হয়ে গেছে। সিজিটা শেষের দিকে। ডাবিং বাকি। সব মিলিয়ে দুই-চার মাস লাগতে পারে। আশা করি আগামী বছরের কোনো একটা সময়ে মুক্তি দেব। আমারও মনে হচ্ছে ছবিটা মুক্তি দেওয়া দরকার।’

1675510518shuvo-faria-1755511831

স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে বানানো হয়েছে ‘ঠিকানা বাংলাদেশ’। ওয়ার্কিং টাইটেল ছিল ‘ফুটবল ৭১’। দৃশ্যধারণের কাজ চুকেছে অনেক আগে। এখন বাকি কাজ হলেও মুক্তি দিতে পারেন তিনি। এরকমই জানালেন। 

স্বাধীন বাংলা ফুটবল দল নিয়ে নির্মিত অনুদানের এ ছবির চিত্রনাট্য অনম নিজেই করেছেন। সিনেমাটি তার দীর্ঘ সময় গবেষণার ফল। এর আগে ঢাকা মেইলকে বিষয়টি জানিয়েছিলেন নির্মাতা। বলেছিলেন, “সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন। যেনতেনভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক সিনেমাটি দেখার সময় রিয়েলিস্টিক ফিল পাক। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের ‘মুক্তির গান’ দেখলে আমাদের মধ্যে যে ধরনের অনুভূতি হয়, আমি চাই আমার সিনেমাটি দেখে দর্শক তেমন অনুভূতি পাক।”

anam-20221013160028_20240828_181502746_(1)

২০১৯-২০ অর্থবছরে ‘ফুটবল-৭১’ নামে সরকারি অনুদান পায় অনমের ছবিটি। ২০২৩ সালের শুরুর দিকে শুরু হয় ছবিটির শুটিং। এতে শুভ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকন প্রমুখ।
আরআর