Dhaka Mail Logo

বিনোদন

কবে মুক্তি পাবে বুবলীর কলকাতার সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’?  

বিনোদন প্রতিবেদক

২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৩ পিএম

২০২৪ সালের শুরুতে শবনম বুবলী দিয়েছিলেন প্রথমবারের মতো কলকাতার সিনেমায় অভিনয়ের খবর। ‘ফ্ল্যাশব্যাক' নামের সে সিনেমার নির্মাতা বাংলাদেশের রাশেদ রাহা। ছবির ফার্স্টলুকও প্রকাশ পায় সেসময়। এরপর দুই বছর কেটে গেলেও পাওয়া যায়নি মুক্তি খবর। 

এবার নির্মাতা জানালেন ভারতের বিধানসভা নির্বাচন শেষে ‘ফ্ল্যাশব্যাক’-এর মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। এক খুদে বার্তায় ঢাকা মেইলকে রাশেদ রাহা বলেন, ‘আগামী ৪ মে ভারতের বিধানসভা নির্বাচন শেষ হবে। এরপর ছবিটির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে।’

বিলম্বের কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘ছবিটির শুটিং হয় ২০২৪ সালে। ভারতের পাশাপাশি বাংলাদেশেও রিলিজের ইচ্ছা আছে। দেশের পরিস্থির কারণে একটু দেরি হলো। এখন প্রিপারেশন নিচ্ছি।’

চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাশার নির্ঝর। এ ছবি প্রযোজনার দায়িত্বে আছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট। এতে বুবলীর সহশিল্পী হিসেবে আছেন কৌশিক গাঙ্গুলি ও সৌরভ দাস।

রাশেদ রাহা এর আগে কলকাতার অভিনয় শিল্পীদের নিয়ে একটি ওয়েব সিনেমা বানিয়েছেন। ‘কলকাতা ডায়েরিজ’ নামের সে ওয়েব ফিল্মে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, দর্শণা বণিক প্রমুখ।