Dhaka Mail Logo

বিনোদন

সালমান খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে সাপ উদ্ধার

বিনোদন ডেস্ক

১৯ মে ২০২৬, ০৪:৫৯ পিএম

বলিউড সুপারস্টার সালমান খানের মুম্বাইয়ের বান্দ্রার বাসভবন গ্যালক্সি অ্যাপার্টমেন্টে ঢুকে পড়েছে সাপ। সোমবার (১৮ মে) অভিনেতার বাড়ির নিচতলায় সাপটি দেখতে পাওয়া যায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সাপুড়ে ও পুলিশ সদস্যরা। পরে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। সমুদ্রের কাছাকাছি অবস্থিত বহুতল ভবনে বাবা-মা ও ভাইদের নিয়ে বসবাস করেন সালমান।

সাপের মুখোমুখি হওয়ার ঘটনা সালমানের জন্য এবারই প্রথম নয়। এর আগে ২০২১ সালে নিজের পানভেল ফার্মহাউসে সাপের কামড়ের শিকার হয়েছিলেন তিনি। সে সময় তাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছিল। 

সেই ঘটনা প্রসঙ্গে সালমান খান গণমাধ্যমকে বলেছিলেন,‘আমার ফার্মহাউসে একটা সাপ ঢুকেছিল, আমি লাঠি দিয়ে ওটাকে বাইরে নিয়ে আসার চেষ্টা করি। আস্তে আস্তে ওটা আমার হাতের ওপর চলে আসে। এরপর ছেড়ে দেওয়ার জন্য যখন ওটাকে ধরি, তখনই আমাকে তিনবার কামড় দেয়। ওটা বিষাক্ত সাপ ছিল। আমাকে ৬ ঘণ্টা হাসপাতালে থাকতে হয়েছিল। তবে এখন আমি ঠিক আছি।’

সালমান বর্তমানে ব্যস্ততা ‘মাতৃভূমি’ সিনেমাকে ঘিরে। অপূর্ব লাখিয়া পরিচালিত ছবিতে বলিউড তারকার বিপরীতে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিং। 

২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় ভারতীয় ও চীনা সেনাদের মধ্যে ঘটে যাওয়া রক্তক্ষয়ী সংঘর্ষের সত্য ঘটনা অবলম্বনে ছবিটি নির্মিত হচ্ছে। সালমানের চরিত্রের নাম কর্নেল সন্তোষ বাবু। সিনেমাটি আগামী বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। 

ইএইচ/