Dhaka Mail Logo

বিনোদন

হানিমুনে নির্যাতন, ছয়তলা থেকে ধাক্কা— স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক গায়িকা

বিনোদন ডেস্ক

২০ জুন ২০২৬, ১২:৩৩ পিএম

বিয়ের বছর দুয়েক না ঘুরতেই বিচ্ছেদের পথে হাঁটছেন পশ্চিমবঙ্গের সংগীতশিল্পী দেবলীনা নন্দী। এরইমধ্যে স্বামী ও শ্বশুরবাড়ির লোকদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আদালতে। হানিমুনে শারীরিক নির্যাতন, ছয়তলার বারান্দা থেকে ফেলে দেওয়ার চেষ্টাসহ বিস্ফোরক সব অভিযোগ তার। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, দেবলীনার আইনজীবীরা জানান, বিয়ের পর থেকেই দেবলীনার ওপর তাঁর স্বামী প্রবাহ নন্দী অত্য়াচার করতেন। আইনজীবীদের দাবি, ২০২৫ সালের এপ্রিলে, থাইল্যান্ডে মধুচন্দ্রিমায় গিয়েও দেবলীনাকে মারধর করেন প্রবাহ। 

এছাড়া হাত মুচড়ে দেওয়া, কনুই দিয়ে ঠেলে দেওয়ার মতো অত্যাচার ছিল নিত্যদিনের ঘটনা। নিউটাউনের ফ্ল্যাটের ছয় তলা থেকে দেবলীনাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয় বলেও অভিযোগ। নির্যাতনের কারণে প্রায়ই গায়িকার শরীরে কালশিটের দাগ দেখা যেত। এ সংক্রান্ত অডিও-ভিডিও ক্লিপ প্রমাণ হিসাবে আদালতে দাখিল করা হবে বলেও জানান আইনজীবীরা।

শ্বশুর-শাশুড়িও দেবলীনার সঙ্গে দুর্ব্যবহার করতেন বলে অভিযোগ রয়েছে। গায়িকার মাকে নিয়েও অসম্মান অসূচক মন্তব্য করা হতো। গায়িকার সঙ্গে বাবার বাড়ির লোকজনের যোগাযোগ বন্ধের চেষ্টা চলত বলেও অভিযোগ রয়েছে। এক পর্যায়ে দেবলীনাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় বলে দাবি তার আইনজীবীদের। মানসিকভাবে বিপর্যস্ত গায়িকা আত্মহত্যার চেষ্টা চালান বলেও জানিয়েছেন আইনজীবীরা।

দেবলীনার অভিযোগ মদে ডুবে থাকেন প্রবাহ। বিমানের ওঠার আগেও নেশায় চুর থাকেন তিনি। এ অবস্থায় যাত্রীদের সুরক্ষার স্বার্থে ‘নেশাগ্রস্ত’ প্রবাহকে বিমান চালানো থেকে বিরত রাখার দাবি তার। পাশাপাশি প্রবাহের পাসপোর্ট জব্দ করার আর্জি জানানো হয়েছে আদালতে। যেন তিনি বিদেশে গিয়ে গা ঢাকা দিতে না পারেন। 

আরআর