Dhaka Mail Logo

আন্তর্জাতিক

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৮, কাঁপল ভারত-পাকিস্তানও

আন্তর্জাতিক ডেস্ক

০৪ এপ্রিল ২০২৬, ০১:২৫ এএম

আফগানিস্তানে ৫.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে রাজধানী কাবুলে একটি বাড়ি ধসে কমপক্ষে আটজন নিহত ও এক শিশু আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। এই ভূমিকম্প আফগানিস্তানের প্রতিবেশী পাকিস্তান ও ভারতের বিভিন্ন অংশকে কেঁপে দিয়েছে।

জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, শুক্রবার (০৩ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ১৩ মিনিটে আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে ৫.৯ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ১৭৭ কিলোমিটার (১১০ মাইল) গভীরে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আফগানিস্তানের বিভিন্ন অঞ্চল ছাড়াও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ এবং ভারতের রাজধানী নয়াদিল্লিতেও তীব্র কম্পন অনুভূত হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে বলা হয়, দেশটির আবহাওয়া বিভাগ (পিএমডি) প্রাথমিকভাবে ভূমিকম্পটির মাত্রা ৬.১ পরিমাপ করেছে। রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাবের কিছু অঞ্চল, উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়া, কেন্দ্রশাসিত অঞ্চল গিলগিট বাল্টিস্তান, আজাদ জম্মু-কাশ্মির এবং ভারত-শাসিত কাশ্মীরেও কম্পন অনুভূত হয়েছিল বলে জানা গেছে।

প্রসঙ্গত, দুর্গম পর্বতমালা বেষ্টিত দেশ আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুকুশের পাহাড়ি এলাকায়, সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। প্রতি বছর দেশটির গড়ে প্রায় ৫৬০ জন মানুষ মারা যায় ভূমিকম্পে। গত বছরের নভেম্বরে দেশটিতে আঘাত হানা ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে অন্তত ২৭ জন নিহত এবং শত শত ঘরবাড়ি ধ্বংস হয়েছে। একই বছরের ৩১ আগস্ট দেশটির পূর্বাঞ্চলে ৬ দশমিক ০ মাত্রার এক ভূমিকম্পে প্রাণ হারান ২ হাজার ২০০ জনের বেশি মানুষ, যা সাম্প্রতিক আফগান ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প।

সূত্র: রয়টার্স, ডন

এমএইচআর