Dhaka Mail Logo

আন্তর্জাতিক

শিগগিরই চীন সফরে যাচ্ছেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

১৪ মে ২০২৬, ০৯:২০ পিএম

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন খুব শিগগিরই চীন সফরে যাচ্ছেন বলে জানিয়েছে ক্রেমলিন। প্রায় এক দশক পর তিন দিনের রাষ্ট্রীয় সফরে বর্তমানে চীনে রয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যেই পুতিনের বেইজিং সফরের ঘোষণা এলো।  

বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আরটি।

পেসকভ জানিয়েছেন, পুতিনের সফরের সুনির্দিষ্ট তারিখ এখনো নির্ধারণ করা না হলেও রুশ প্রেসিডেন্টের এই ভ্রমণের সমস্ত প্রস্তুতি ইতিপূর্বেই সম্পন্ন হয়েছে।

রুশ সংবাদমাধ্যমগুলোর ধারণা, আগামী সপ্তাহেই এই হাই-প্রোফাইল সফরটি অনুষ্ঠিত হতে পারে। ট্রাম্পের সফরের পরপরই পুতিনের এই সফরটির বিশেষ গুরুত্ব রয়েছে বলে জানিয়েছে বিশ্লেষকরা।  

পুতিন সর্বশেষ ২০২৫ সালের সেপ্টেম্বরে বেইজিং সফর করেছিলেন। সে সময় তিনি চীনের বিশাল সামরিক কুচকাওয়াজ এবং একটি শীর্ষ সম্মেলনে অংশ নেন।

এদিকে ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি এবং ওয়াশিংটন-বেইজিং টানাপোড়েনের মধ্যেই বুধবার বেইজিংয়ে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যেই চীনা প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন তিনি। এ বৈঠকে ইরান যুদ্ধ এবং এর সমাধানে মধ্যস্থতাকারী হিসেবে চীনের ক্রমবর্ধমান ভূমিকা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। 

বৈঠকের সূচনা বক্তব্যে ট্রাম্প বলেন, দুই দেশের মধ্যে যখনই কোনো সমস্যা তৈরি হয়েছে, তারা দ্রুত সমাধান করতে পেরেছেন। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র-চীন সম্পর্ক ‘আগের যেকোনো সময়ের চেয়ে আরও ভালো হবে।’  

সূত্র: বিবিসি

এমএইচআর