Dhaka Mail Logo

আইন-আদালত

সাবেক রাসিক মেয়র লিটনদের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম

রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, তার স্ত্রী শাহীন আক্তার রেনী এবং দুই মেয়ে আনিকা ফারিহা জামান ও মাইশা সামিহা জামানের নামে থাকা ৪১টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ মামলার তদন্তকারী সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

সিআইডির পক্ষে আবেদনটি করেন পুলিশ পরিদর্শক মোহাম্মদ কামরুজ্জামান।

এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জাজ আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

আবেদনে বলা হয়েছে, এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে ব্যাংক হিসাবগুলোতে অস্বাভাবিক সন্দেহজনক লেনদেন, সংঘবদ্ধ অপরাধ ও অর্থ পাচারের বিষয়ে অভিযোগ রয়েছে, যা মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এর ২ (শ) ধারা মোতাবেক সম্পৃক্ত অপরাধ। 

অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি এ এইচ এম খায়রুজ্জামান লিটন তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পৃক্ত অপরাধ থেকে প্রাপ্ত অর্থ ব্যাংক হিসাবে স্থানান্তর, সম্পদ অর্জন ও ভোগ বিলাসের ব্যবহার করেছে মর্মে প্রাথমিকভাবে সাক্ষ্য প্রমাণ পাওয়া যাচ্ছে।

অনুসন্ধান কার্যক্রম চলমান রয়েছে। এমতাবস্থায় সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ৪১টি ব্যাংক হিসাবে জমাকৃত অপরাধলব্ধ অর্থ অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিরা যাতে উত্তোলন করে পাচার বা অন্যত্র সরাতে না পারে, সে জন্য ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

এই আবেদনের ওপর শুনানি শেষে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ লিটনদের ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধের আদেশ দেন।

এএইচ