নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২৬, ০৭:৪০ পিএম
রাজধানীর মিরপুরে হজরত শাহ আলীর (রহ.) মাজারে হামলার মামলায় রিমান্ড শেষে মো. আজম, শেখ মো. সাজ্জাদুল হক রাসেল ও আরমান দেওয়ান নামে তিনজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার (১৯ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনজুরুল ইসলাম এই আদেশ দেন।
এদিন দুই দিনের রিমান্ড শেষে আসামিদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন।
এর আগে গত রোববার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার (১৪ মে) রাতে মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনা ঘটে। ওরশ চলাকালে হঠাৎ লাঠিসোঁটা হাতে কিছু লোক এসে মাজারভক্তদের মারধর শুরু করেন।
এ ঘটনায় গত শনিবার (১৬ মে) শাহ আলী থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী এক মাজারভক্ত নারী। এরপরই গ্রেফতার করা হয় ওই তিনজনকে।
এএইচ