Dhaka Mail Logo

জাতীয়

আরও ২ প্রতিষ্ঠান থেকে বাদ গেল শেখ মুজিব-ফজিলাতুন্নেছার নাম

নিজস্ব প্রতিবেদক

২৪ আগস্ট ২০২৫, ১০:৪৭ পিএম

দেশের আরও দুটি সরকারি প্রতিষ্ঠান থেকে বাদ পড়ল শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী ফজিলাতুন্নেছার নাম। নতুন নাম দেওয়া হয়েছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন গোপালগঞ্জ ও গাজীপুরের দুটি প্রতিষ্ঠানের।

এরমধ্যে ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), কোটালিপাড়া, গোপালগঞ্জ’ কে ‘পল্লি উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ’ নামে নামকরণ করা হয়েছে। একইভাবে গাজীপুরের ‘শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব মহিলা প্রশিক্ষণ একাডেমি’র নাম ‘নারী প্রশিক্ষণ একাডেমি, জিরানী, গাজীপুর’ করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিদর্শক প্রকৌশলী বি এম আমিনুল ইসলামের স্বাক্ষরিত পৃথক দুটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  

চিঠিতে বিষয়টি অতীব জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কারিগরি শিক্ষা অধিদফতর, জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে। 

বোর্ড জানিয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইট ও নথিপত্রেও নতুন নাম দ্রুত সময়ের মধ্যে সংযুক্ত করতে হবে।

এএইচ