নিজস্ব প্রতিবেদক
২১ নভেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম
দেশে স্মরণকালের ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি নিয়ন্ত্রণ কক্ষ চালু করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২১ নভেম্বর) এ তথ্য জানানো হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বর- মোবাইল ফোন: ০১৭০০-৭১৬৬৭৮, টেলিফোন: ০২-৪১০৫১০৬৫
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, হয়, দুর্ঘটনা-সংক্রান্ত যেকোনো তথ্য আদান-প্রদান ও জরুরি প্রয়োজনে নিয়ন্ত্রণ কক্ষের নম্বরে যোগাযোগ করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জরুরি ভিত্তিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে।
এই ভূমিকম্পে এখন পর্যন্ত ছয়জন নিহত এবং ২০৮ জন আহত হওয়ার প্রাথমিক তথ্য পাওয়া গেছে। এছাড়া নগরীর কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরই দুর্ঘটনা-সংক্রান্ত সার্বিক তথ্য আদান-প্রদানের জন্য জরুরি এই নিয়ন্ত্রণ কক্ষ চালু করে জেলা প্রশাসন।
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
এমআর/ক.ম