জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৪৬ পিএম
রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে আবু সাঈদ সরকার (৫৩) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালের দনিয়া অগ্রদূত বিদ্যা নিকেতন হাই স্কুল কেন্দ্রে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আবু সাঈদের ছেলে ফারহান ইশরাক জানান, তারা মুগদা মানিকনগর এলাকায় থাকেন। সকালে তার বাবা কাজলা এলাকায় ভোট দিতে গিয়েছিলেন। সেখানে অসুস্থ হয়ে পড়েন। হার্টের সমস্যা থাকায় তার বাবাকে তারা কেন্দ্রে যেতে বারণ করেছিলেন।
তিনি আরও জানান, ভোট কেন্দ্রের চতুর্থ তলায় ওঠতে গিয়ে তার বাবা হঠাৎ তৃতীয় তলায় অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
যাত্রাবাড়ী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) শতরূপা কুন্ড জানান, পরিবারের পক্ষ থেকে পুলিশকে বিষয়টি জানানো হয়েছিল। তারা গিয়ে জানতে পারেন, নিহত ব্যক্তির হার্টের সমস্যা ছিল।
এমআইকে/এএইচ