Dhaka Mail Logo

জাতীয়

সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করেছে: প্রতিমন্ত্রী নুর

নিজস্ব প্রতিবেদক

১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম

গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন সরকার জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেগুলো বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ধাপে ধাপে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের উদ্যোগ নিচ্ছে।
 
গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এসব বলেন। শনিবার (১৪ মার্চ) রাজধানীর রামপুরা উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
 
নুর বলেন, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু করেছে। এছাড়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের জন্য সম্মানী ভাতার চেক তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলেও তিনি জানান।

নুরুল হক নুর বলেন, জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব এলাকায় সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে উঠেছিল, তার মধ্যে রামপুরা অন্যতম। বাড্ডা ও রামপুরা এলাকায় সর্বস্তরের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে। সেই আন্দোলনে ছাত্র-জনতার বিজয় হয়েছে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশে যেন আর কোনো ফ্যাসিবাদ তৈরি না হয়, সে জন্য রাজনীতিবিদদের শিক্ষা নিতে হবে। ক্ষমতায় গেলে যেন কেউ মানুষের ওপর জুলুম না করে, সে বিষয়েও সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী কেবিনেট গঠনের প্রথম দিন থেকেই সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছেন যে পাঁচ বছর দেশ পরিচালনার দায়িত্ব তাদেরই।

অনুষ্ঠানে দলের সিনিয়র সহ-সভাপতি ফারুক হাসান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই সরকার দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করবে। গণঅধিকার পরিষদ ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আগামীতে দলকে আরও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহ-সভাপতি রাকিবুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহ-সভাপতি আলমগীর অপূর্ব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান, ফারজানা কিবরিয়া, আব্দুল্লাহ মাহমুদ বিপ্লব, সাংগঠনিক সম্পাদক সবুজ, যুব অধিকার পরিষদ মহানগর উত্তরের সাধারণ সম্পাদক হোসাইন নুর এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি আবির ইসলাম সবুজসহ অন্যান্য নেতারা।

এমআর/ক.ম