Dhaka Mail Logo

জাতীয়

সংসদে ৭ বিল পাস, তিনটিতে ‘নোট অব ডিসেন্ট’

নিজস্ব প্রতিবেদক

০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩১ পিএম

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশসহ জাতীয় সংসদে আজ সোমবার (৬ এপ্রিল) সাতটি বিল কণ্ঠভোটে পাস হয়েছে। পাস হওয়া বিলের মধ্যে তিনটিতে বিরোধীদল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

সর্বসম্মতিক্রমে পাস হওয়া বিলগুলো হলো- গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল, ভোটার তালিকা সংশোধন বিল, নির্বাচন কর্মকর্তা বিশেষ বিধান সংশোধন বিল, নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ সংশোধন বিল, জাতীয় সংসদ সচিবালয় অন্তর্বর্তী বিশেষ বিধান রহিতকরণ বিল ও বাংলাদেশ ল অফিসার্স সংশোধন বিল।

এ ছাড়া শুধুমাত্র উত্থাপন করা হয়েছে তিনটি বিল। সেগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন রহিতকরণ বিল, সুপ্রিম কোর্ট বিচারক নিয়োগ রহিতকরণ বিল ও ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬।

পাস হওয়া সাতটি বিলের মধ্যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ, নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল ও ভোটার তালিকা সংশোধন বিল- এই তিনটিতে বিরোধীদল ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে। এ কারণে পরে এসব বিলের ওপর আলোচনা হবে।

অপরদিকে ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ ও কৃষিভূমি সুরক্ষা বিল-২০২৬ অধিক যাচাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে।

সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে বলেন, ‘তিনটি বিলে বিরোধীদল নোট অব ডিসেন্ট দিয়েছে। এগুলো উত্থাপন করা হয়েছে, যেন বিরোধী দলের সদস্যরা অধিকতর বিশ্লেষণ করতে পারেন। আগামীকালের সেশনে আলোচনা হবে।’

এমআই