Dhaka Mail Logo

জাতীয়

রাজধানীতে এখন শাকের দামে বিক্রি হচ্ছে ঘাস

মাহফুজুর রহমান

২৫ মে ২০২৬, ০১:০৭ পিএম

রাজধানীর বিভিন্ন সড়কের পাশে এখন চোখে পড়ছে অস্থায়ী গো-খাদ্যের বাজার। চিরচেনা সবজি কিংবা কাঁচাবাজারের বাইরে রাস্তায় রাস্তায় বিক্রি হচ্ছে কাঁচা ঘাস, খড়, গরুর ভূষি, খৈল ও দানাদার খাবার। 

অনেক এলাকায় শাকসবজির দোকানের পাশেই এখন দেখা মিলছে ঘাসের স্তূপ। ব্যবসায়ীরা বলছেন, কোরবানির ঈদকে ঘিরে গরুর খাবারের চাহিদা বেড়ে যাওয়ায় রাজধানীতে মৌসুমি এ বাজার জমে উঠেছে।

মিরপুর, বাড্ডা, গাবতলী, যাত্রাবাড়ী, মহাখালী ও আফতাবনগরসহ বিভিন্ন এলাকায় রাস্তার ধারে ট্রাকভর্তি খড় ও ঘাস বিক্রি করতে দেখা গেছে। কোথাও কোথাও ভ্যানগাড়িতে করে বিক্রি হচ্ছে কাটা ঘাস ও ভূষি। 

বিক্রেতারা জানান, প্রতিদিন ভোর থেকেই বিভিন্ন জেলা থেকে ট্রাকে করে এসব গো-খাদ্য ঢাকায় আসছে। বিশেষ করে কোরবানির পশু কিনে বাসাবাড়ি কিংবা অস্থায়ী খামারে রাখছেন যারা, তাদের চাহিদাই এখন বেশি।

রাজধানীর কয়েকটি অস্থায়ী গো-খাদ্যের বাজার ঘুরে দেখা গেছে, কাঁচা ঘাসের আঁটি বিক্রি হচ্ছে আকারভেদে ৩০ থেকে ১০০ টাকায়। খড় বিক্রি হচ্ছে কেজি কিংবা আঁটি হিসেবে। অনেকে আবার গরুর জন্য প্রস্তুত মিশ্র খাবারও বিক্রি করছেন।

ব্যবসায়ীরা বলছেন, ঈদের যত সময় ঘনিয়ে আসবে, ততই বাড়বে গো-খাদ্যের চাহিদা। তাই রাজধানীর অলিগলি থেকে শুরু করে বড় সড়ক সব জায়গাতেই এখন ঘাস, খড় আর ভূষির অস্থায়ী বাজারের দেখা মিলছে।

বিক্রেতা আবদুল কাদের বলেন, ঈদ সামনে রেখে এখন ঘাস আর খড়ের চাহিদা অনেক বেড়েছে। আমরা কাঁচা ঘাস সংগ্রহ করে এনেছি বিক্রি করার জন্য। ভালোই বিক্রি হচ্ছে।

এম/এআরএম