Dhaka Mail Logo

জাতীয়

বনশ্রীতে ঢাকা কলেজের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

০৬ জুন ২০২৬, ০৩:৫৪ পিএম

রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে তৌসিফ শাহরিয়ার (১৮) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

শনিবার সকালে বনশ্রীর ই ব্লকের ৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের খালু এস আলম জানান, সকালে পরিবারের সদস্যরা তৌসিফকে তার কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী কারণে তিনি এ ঘটনা ঘটিয়েছেন, সে বিষয়ে পরিবার কোনো তথ্য জানাতে পারেনি।

তৌসিফ বনশ্রীর ওই বাসায় বাবা-মায়ের সঙ্গে থাকতেন। তার বাবার নাম আব্দুল জলিল। তিনি পরিবারের একমাত্র সন্তান ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলছে।

এম/এআর