Dhaka Mail Logo

জাতীয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইল বাংলাদেশ

জ্যেষ্ঠ প্রতিবেদক

১৮ জুন ২০২৬, ০৯:০২ পিএম

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বুধবার (১৭ জুন) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিলের (ইকোসক) মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এই আহ্বান জানান।

এসময় ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদারের আহ্বানও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি তিনি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।

মানবিক নীতিমালার প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামাজিক সুরক্ষা কর্মসূচির সম্প্রসারণ, দুর্যোগ মোকাবিলা সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন এবং ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।’

এ সময় বিশ্বের বিভিন্ন অঞ্চলে সংঘাতের কারণে নারী ও শিশুদের দুর্ভোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শামা ওবায়েদ। তিনি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত সহায়তা নিশ্চিত করতে মানবিক অর্থায়নের ঘাটতি দূর করার আহ্বান জানান।

বৃহস্পতিবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদিন ২০২৬ সালের ইকোসক মানবিক বিষয়ক অধিবেশনের উচ্চপর্যায়ের প্যানেল আলোচনা-২-এ অংশ নেবেন সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী। এছাড়া তিনি নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ উইমেনের আন্ডার-সেক্রেটারি-জেনারেল ও নির্বাহী পরিচালক সিমা বাহুসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।

এএম/এআর