নিজস্ব প্রতিবেদক
২০ জুন ২০২৬, ০৯:৪০ পিএম
নৌপথে নিরাপদ চলাচল নিশ্চিত করতে ঢাকা সদরঘাট থেকে নারায়ণগঞ্জের ফতুল্লা পর্যন্ত বিশেষ অভিযান চালিয়েছে নৌপরিবহন অধিদফতর। অভিযানে বালিবাহী নৌযানের বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় ৯টি নৌযানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরিদর্শনে অধিকাংশ নৌযানের নিবন্ধন তথ্যের সঙ্গে বাস্তব পরিমাপের অসামঞ্জস্য এবং নিরাপত্তা সরঞ্জামের ঘাটতি পাওয়া গেছে।
শনিবার (২০ জুন) বেলা ১১টা থেকে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারীর নেতৃত্বে সদরঘাট-ফতুল্লা নৌপথে চলাচলরত বালিবাহী নৌযানগুলোর বিরুদ্ধে বিশেষ পরিদর্শন ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে মোট ১১টি বালিবাহী নৌযান সরেজমিনে পরিদর্শন করা হয়। এ সময় দেখা যায়, অধিকাংশ নৌযানের বাস্তব পরিমাপ নিবন্ধনপত্রে উল্লেখিত তথ্যের সঙ্গে মিলছে না। এছাড়া কয়েকটি নৌযানে বাধ্যতামূলক জীবনরক্ষাকারী সরঞ্জাম (লাইফ সেভিং অ্যাপ্লায়েন্স) এবং নেভিগেশনাল ইকুইপমেন্টের ঘাটতি রয়েছে, যা নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বাড়াতে পারে।
অভিযানে নৌপরিবহন অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুসিকান্ত হাজং মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিভিন্ন অনিয়মের দায়ে ৯টি নৌযানকে সর্বমোট ১ লাখ ৭০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
অভিযান শেষে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর মো. শফিউল বারী বলেন, নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে নিবন্ধনবিহীন, অনুমোদনবহির্ভূতভাবে পরিবর্তন করা এবং নিরাপত্তা সরঞ্জামবিহীন নৌযানের বিরুদ্ধে তদারকি ও আইনগত ব্যবস্থা আরও জোরদার করা হবে।

তিনি নৌযান মালিক ও পরিচালকদের সব ধরনের বিধি-বিধান মেনে নৌযান পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, যাত্রী ও নৌপথ ব্যবহারকারীদের নিরাপত্তার স্বার্থে এ ধরনের পরিদর্শন ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
অভিযানকালে নৌপরিবহন অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার অ্যান্ড শিপ সার্ভেয়ার মির্জা সাইফুর রহমানসহ সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এমআর/এএইচ