নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৫, ১০:৪১ পিএম
জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যায়নি তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং তাতে স্বাক্ষরও করেনি। এ নিয়ে মুখ খুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠানকে একটি ‘ঐতিহাসিক মুহূর্ত’ উল্লেখ করে তিনি বলেছেন, ‘আমি মনে করি এনসিপির বিচক্ষণতার অভাব হয়েছে। নাহলে তারা অবশ্যই আজকে জুলাই জাতীয় সনদে সই করতো।’
শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান শেষ হওয়ার পর বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে এ কথা বলেন মির্জা ফখরুল।
বিএনপি মহাসচিব বলেন, ‘আমাদের রাজনৈতিক দলগুলো যে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করে, তার আরেকটা নিদর্শন দেখা গেল আজকে যে, জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে সব দলগুলো এক হয়ে কাজ করতে পারে।’
যেসব দল জুলাই সনদে স্বাক্ষর করেনি, তারা আরও কথা বলে স্বাক্ষর করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জাতীয় নাগরিক পার্টি, জুলাই ঘিরে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাদের না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বলে মনে করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনায়, ঐকমত্য কমিশনে যে আলোচনা হয়েছে, তারা (এনসিপি) প্রায় সব ব্যাপারে পজিটিভ ছিল। যে ব্যাপারটাতে সমস্যা আছে, পরে তারা এ ব্যাপারেও আলোচনা করতে পারতো। সেটা নিয়ে আমরা পরে আরও বসতে পারতাম, কথা বলতে পারতাম।’
তবে এটাকে বিভক্তি বলে মনে করছেন না বিএনপি মহাসচিব। তার মতে, ‘তারা (এনসিপি) ভুল বুঝতে পারবে এবং তারা সঠিক জায়গায় এসে পৌঁছাবে।’
তবে বিভিন্ন প্রসঙ্গে বিতর্কের জায়গা রয়ে গেল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা কখনো কোনো দেশেই কোনো কালেই কখনো পিছু ছাড়বে না। দুর্ভাগ্যক্রমে আমাদের স্বভাব হচ্ছে যে, আমরা বিতর্ক করতে খুব পছন্দ করি।’
তবে সবকিছুর মধ্যেই যা হয়েছে, তাকে ‘গ্রেট এচিভমেন্ট’ বা বড় অর্জন বলে উল্লেখ করছেন বিএনপি মহাসচিব। এটি বাস্তবায়নের ক্ষেত্রে সামনে আরও আলোচনা হবে বলেও জানিয়েছেন তিনি।
এএইচ