Dhaka Mail Logo

রাজনীতি

‘অনলাইনে নির্বাচনি অপপ্রচারের বিরুদ্ধে প্রশাসনকে কঠোর হতে হবে’

নিজস্ব প্রতিবেদক

২১ জানুয়ারি ২০২৬, ০৬:২৩ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, অনলাইনে মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে। এ ধরনের অপপ্রচার বন্ধে প্রশাসনকে কঠোর হতে হবে। 

আজ বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৩টায় ডিবির প্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব বলেন মাহবুবুর রহমান। দলের পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়। 

মাহবুবুর রহমান সাংবাদিকদের জানান, সম্প্রতি সংঘবদ্ধ অপরাধী চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরসহ নেতৃবৃন্দের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে মর্মে একটি ভুয়া ও বানোয়াট সংবাদ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। 

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, ডিবির প্রধান শফিকুল ইসলাম সাহেবের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা রাজনৈতিক প্রচারের নামে কারো বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ করার দাবি জানিয়েছি। 

ডিবি প্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইন বিষয়ক সম্পাদক শওকত আলী। প্রেস ব্রিফিংয়ে ছিলেন কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান ও সাইবার টিমের আহ্বায়ক মনির হোসেন প্রমুখ।

ক.ম/