Dhaka Mail Logo

রাজনীতি

নগরজীবনকে পরিচ্ছন্ন রাখতে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি: সেলিম উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৩ পিএম

ঢাকা নগরীর পরিবেশ ও পরিচ্ছন্নতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, নগরজীবনকে পরিচ্ছন্ন, সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে ‘ক্লিন ঢাকা’ কর্মসূচি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা ও ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য মোহাম্মদ জামাল উদ্দিন, উত্তরা মডেল থানা আমির ইব্রাহিম খলিল, উত্তরা অঞ্চলের সহকারী অঞ্চল পরিচালক মাহবুবুল আলম, উত্তরা পশ্চিম থানা আমির মাজহারুল ইসলাম, তুরাগ মধ্য থানার নায়েবে আমির কামরুল হাসান প্রমুখ। 

সেলিম উদ্দিন বলেন, ‘নগরবাসীর সবাইকে সচেতন হতে হবে। কাউকে উদাসীন থাকার সুযোগ নেই। সুনাগরিক হিসেবে আমাদের দায়িত্ব এড়িয়ে যাওয়া যায় না। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এই কর্মসূচি শুরু করা হয়েছে এবং মাহে রমজান চলাকালীন মাসব্যাপী চলবে।

জামায়াত নেতা বলেন, পবিত্র মাহে রমজান এসেছে তাকওয়া অর্জন, হক-বাতিল ও হারাম-হালাল চিনে বাস্তব জীবনে তা প্রতিফলিত করার জন্য। এই মাসে আল কুরআন নাজিল হয়েছে, যা মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়। শান্তি ও মুক্তির জন্য সকলকে ইসলামের ছায়াতলে ঐক্যবদ্ধ হতে হবে।

নির্বাচনি ফলাফলের প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেলিম উদ্দিন বলেন, ঢাকা মহানগরী উত্তর ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত হয়েছে। মোট চারটি আসনে জামায়াতের প্রার্থীরা বিজয়ী হয়েছেন, একটিতে জয়ী হয়েছে শরীক দল এনসিপি। 

জামায়াত নেতা বলেন, ঢাকা ১৮ আসনে নবীন প্রার্থী এক লাখ ২৬ হাজার ভোট পেয়ে আলোড়ণ  সৃষ্টি করেছেন। আগামী দিনে আমাদের জয়ের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ময়দানে ঐক্যবদ্ধ থাকতে হবে। খোলা মন নিয়ে ঢাকা নগরীকে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সুন্দর রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।
 
এএইচ/ক.ম