Dhaka Mail Logo

রাজনীতি

শ্রমিকের রক্তে ঘুরছে আজকের সভ্যতার চাকা: রিজভী

নিজস্ব প্রতিবেদক

০১ মে ২০২৬, ০৫:৪২ পিএম

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, আজকের সভ্যতার চাকা ঘুরছে শ্রমিকের রক্তে। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (১ মে) বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এ সমাবেশে তিনি শ্রমিকদের অধিকার, ন্যায্য মজুরি এবং কর্মসংস্থানের বিষয় তুলে ধরেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে আগে জ্বালানি সংকট থাকলেও বর্তমানে তা কেটে গেছে। তবে অসময়ের বন্যায় কিছু অঞ্চলে ক্ষতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার ক্ষতিগ্রস্তদের জন্য তিন মাসের একটি পরিকল্পনা নিয়েছে এবং তাদের আশ্বস্ত করেছে।

তিনি আরও বলেন, সরকারের শুরুটা ইতিবাচক এবং এই ধারা অব্যাহত থাকলে সামগ্রিক পরিস্থিতির উন্নতি সম্ভব। তবে দেশের শ্রমিকদের জন্য এখনো ন্যূনতম মজুরি পুরোপুরি বাস্তবায়িত হয়নি বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি শ্রমিকদের বিরুদ্ধে প্রায় ২৭ হাজার মামলা রয়েছে বলেও উল্লেখ করেন।

বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান শ্রমিকদের স্বার্থ রক্ষায় কাজ করবেন এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। তিনি বন্ধ থাকা পাটকলগুলো পুনরায় চালুর দাবি জানিয়ে বলেন, এগুলো সচল করা গেলে বহু শ্রমিক আবার কর্মসংস্থানের সুযোগ পাবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। 

এমআর/এআরএম