স্পোর্টস ডেস্ক
০২ ডিসেম্বর ২০২৪, ০৬:১০ পিএম
২০২৫ সালে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। ২০১৩ সালে শেষবার ভারতে একদিনের বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল। এরপর আসছে বছরে ১৩তম আসরের এই আয়োজক ম্যান ইন ব্লুরা। এই বিশ্বকাপে সরাসরি খেলতে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ সমীকরণ। আগামী বছর ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি অংশ নিতে হলে পয়েন্ট টেবিলের শীর্ষ ছয়ে থাকতে হবে বাংলাদেশকে।
নিজেদের সুবিধাজনক জায়গায় রাখতে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজে জিততে হতো বাংলাদেশকে। পরিকল্পনা মতো এই সিরিজে আইরিশদের হোয়াইটওয়া করে সরাসরি ভারত বিশ্বকাপ খেলার সুযোগ অনেকটা এগিয়ে রেখেছে বাংলাদেশ। যদিও এখনও নিগার সুলতানা জ্যোতির দলের বিশ্বকাপ নিশ্চিত হয়নি।
আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের একটি ম্যাচ জিতলেই সরাসরি বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যাবে তারা। ওই সিরিজের আগে আইরিশদের হারিয়ে নিজেদের কাজটা এগিয়ে রেখেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শের-ই-বাংলা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আয়ারল্যান্ডকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। ১৮৬ রানের লক্ষ্যে পৌঁছাতে টিম টাইগ্রেস হারায় ৩ উইকেট, ৩৭.৩ ওভারে খেলা শেষ করে স্বাগতিক দল। আইরিশদের হোয়াইটওয়াশ করার নায়ক মূলত বাংলাদেশের দুই ব্যাটার ফারজানা ও শারমিন। ফারজানা টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করে ১৭২ রান তুলে সিরিজ সেরা হয়েছেন। এদিকে সোমবার ম্যাচজয়ী ৭২ রানের ইনিংস খেলে শারমিন হয়েছেন ম্যাচ সেরা। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরিতে শারমিনের রান ২১১।
২০২৫ বিশ্বকাপে সরাসরি খেলতে যে সমীকরণ বাংলাদেশের-
আইরিশদের হোয়াটওয়াশ করে ওয়ানডে চ্যাম্পিয়নশিপে সাত নম্বরে উঠেছে বাংলাদেশ। ২১ ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১৯। এক পয়েন্ট বেশি নিয়ে ছয়ে থাকা নিউজিল্যান্ডের সবশেষ সিরিজ অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশকে সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ছয় নম্বরে থাকতে হবে। বিশ্বকাপের আগে বাংলাদেশের ম্যাচ আছে তিনটি, প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। এক ম্যাচ জিতলেই ছয় নম্বরে উঠে যাবে বাংলদেশ। তবে নিরাপদ থাকতে চাইলে অন্তত দুটি ম্যাচ জয়ের বিকল্প নেই।