স্পোর্টস ডেস্ক
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেছেন, কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হয়ে আসন্ন আইপিএলে খেলতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে চুক্তি না দেওয়াটা “দুর্ভাগ্যজনক” সিদ্ধান্ত।
সোমবার (২ ফেব্রুয়ারি) সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, “আমার মনে হয়, কলকাতায় খেলার চুক্তি থেকে মুস্তাফিজকে বঞ্চিত করা উচিত হয়নি। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। খেলাধুলায় রাজনীতির অনুপ্রবেশ হচ্ছে… পাকিস্তান বাংলাদেশকে সমর্থন দেখানোর চেষ্টা করছে।”
আরও পড়ুন- পাকিস্তানের সিদ্ধান্তে নড়েচড়ে বসেছে আইসিসি, পর্দার আড়ালে তৎপরতা শুরু
আরও পড়ুন- ভারত ম্যাচ বয়কট করায় যেসব শাস্তির মুখোমুখি হতে পারে পাকিস্তান
টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার পাকিস্তানের সিদ্ধান্তকে “খুবই লজ্জাজনক” বলে মন্তব্য করেন থারুর। তার মতে, ক্রিকেটে রাজনীতিকরণ এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
“খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট, মানুষের মধ্যে সম্পর্ক গড়ে তোলার কথা। এখন জরুরি ভিত্তিতে সংশ্লিষ্টদের একে অন্যের সঙ্গে যোগাযোগ করা দরকার। আইসিসি এ ক্ষেত্রে একটি প্ল্যাটফর্ম হতে পারে। আমাদের বলতে হবে, এই অযৌক্তিকতা বন্ধ করা হোক। এভাবে অনন্তকাল চলতে পারে না,” বলেন তিনি।
এদিকে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা বলেছেন, কলম্বোয় ১৫ ফেব্রুয়ারির ভারত–পাকিস্তান ম্যাচ থেকে পাকিস্তানের সরে দাঁড়ানোর সিদ্ধান্তে আইসিসির কঠোর সতর্কবার্তা যথাযথ।
ভারতে বিষয়টিকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে। কারণ, নিরাপত্তা উদ্বেগের কথা বলে বাংলাদেশ তাদের ম্যাচ ভারত থেকে শ্রীলঙ্কায় সরানোর অনুরোধ করলেও আইসিসি তা নাকচ করে দেয় এবং পরে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেয়। সেই ঘটনার প্রেক্ষাপটেই পাকিস্তানের এই সিদ্ধান্ত এসেছে বলে ধারণা করা হচ্ছে।