Dhaka Mail Logo

স্পোর্টস / ক্রিকেট

ভারত ছাড়তে না পেরে হতাশ স্যামি বললেন, ‘শুধু বাড়ি যেতে চাই’

স্পোর্টস ডেস্ক

০৫ মার্চ ২০২৬, ০৪:৩২ পিএম

টি–টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার চার দিন পরও কলকাতায় আটকে আছে ওয়েস্ট ইন্ডিজ দল। এমন পরিস্থিতিতে হতাশা প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট দিয়েছেন দলের প্রধান কোচ ড্যারেন স্যামি।

তিনি লিখেছেন, “আমি শুধু বাড়ি যেতে চাই।”

ওয়েস্ট ইন্ডিজ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর থেকেই ভারতে অবস্থান করছে। জানা গেছে, প্রথমে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল তাদের জানিয়েছিল যে লন্ডনে চার্টার্ড ফ্লাইটের মাধ্যমে ক্যারিবিয়ানে ফেরানোর চেষ্টা চলছে। পরিকল্পনা ছিল সপ্তাহের মাঝামাঝি সময়ে দলটি ভারত ছাড়বে, যদিও নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। গত ১ মার্চ কলকাতায় ভারতের কাছে সুপার এইটের শেষ ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। এরপর থেকেই তারা শহরটিতে অবস্থান করছে।

Screenshot_2026-03-05_163502

পশ্চিম এশিয়ার চলমান সংকটের কারণে অনেক আকাশপথ বন্ধ থাকায় দলগুলোর ফেরার ব্যবস্থা করতে বড় ধরনের লজিস্টিক সমস্যায় পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। তবে বুধবার কিছুটা স্বস্তির খবর পেয়েছে জিম্বাবুয়ে দল। নতুন ভ্রমণ পরিকল্পনার পর তাদের স্কোয়াডের প্রথম অংশ দিল্লি থেকে দেশে ফেরার পথে রওনা দিয়েছে।

জিম্বাবুয়ের শেষ ম্যাচও ছিল ১ মার্চ, দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। মূলত ২ মার্চ তাদের দেশে ফেরার কথা থাকলেও তা বাতিল হয়ে যায়। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, “সাম্প্রতিক ট্রানজিট জটিলতার পর আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিকল্প ভ্রমণ ব্যবস্থা করেছে। ফ্লাইটের প্রাপ্যতা ও নতুন রুটের কারণে দলটি কয়েকটি ভাগে হারারেতে ফিরবে।”

প্রথমে জিম্বাবুয়ের দলটির দুবাই হয়ে ফেরার কথা ছিল। কিন্তু পরিকল্পনা বদলে এখন তারা আদ্দিস আবাবা হয়ে দেশে ফিরছে বলে জানা গেছে। এদিকে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা। ফলে তারাও এখন দেশে ফেরার সূচির অপেক্ষায় আছে। একইভাবে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড যদি ভারতের কাছে হেরে যায়, তাহলে তাদের ফেরার পরিকল্পনাও নতুন করে ঠিক করতে হবে।