Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

মেসিকে সেরা বলায় কিংবদন্তি আনফলো করেছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ পিএম

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে ফুটবল বিশ্বের বিতর্ক দীর্ঘদিনের। আল-নাসরের পর্তুগিজ তারকা পরিসংখ্যানের বিচারে নিজেকে মেসির চেয়ে এগিয়ে রাখলেও, সবাই তার এই মতের সঙ্গে একমত নন। আর এই ভিন্নমতের কারণেই ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারকে ইনস্টাগ্রামে 'আনফলো' করেছেন রোনালদো।

৬৫ বছর বয়সী লিনেকার তার জনপ্রিয় পডকাস্ট ‘দ্য রেস্ট ইজ ফুটবল’-এ এই মজার বিষয়টি সামনে এনেছেন। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদো আমাকে খুব একটা পছন্দ করেন না। আমি তাকে নিয়ে খারাপ কিছু বলিনি, শুধু সততার সাথে নিজের মতামত দিয়েছি। আমি মনে করি ফুটবলের সার্বিক বিচারে মেসিই সেরা। আর এই কারণেই তিনি আমাকে ইনস্টাগ্রামে আনফলো করেছেন। তবে আমি ঠিক আছি, এটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই।”

রোনালদো তার ওপর কিছুটা ক্ষুব্ধ হলেও লিনেকারের ব্যক্তিগত পছন্দ বদলাচ্ছে না। তিনি আরও যোগ করেন, “আমি সবসময় রোনালদোকে পছন্দ করব। আমি বহুবার তাকে সরাসরি খেলতে দেখেছি। আমি জানি তিনি আমার ওপর একটু রেগে আছেন, কিন্তু এটা বড় কোনো বিষয় নয়।”

মেসিকে রোনালদোর চেয়ে সেরা বলার যুক্তি তুলে ধরে লিনেকার বলেন, ‘মেসি আমার সব সময়ের প্রিয় খেলোয়াড়, কারণ তিনিই আমার দৃষ্টিতে সর্বকালের সেরা।’ এর আগেও লিনেকার তাঁর চোখে সর্বকালের সেরা চারজনের তালিকায় পেলে, ম্যারাডোনা, মেসি ও ব্রাজিলিয়ান রোনালদোকে রেখেছিলেন। সেই তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর জায়গা হয়নি, যা পর্তুগিজ তারকার ভালো লাগেনি বলেই ধারণা করা হচ্ছে।