Dhaka Mail Logo

স্পোর্টস / ফুটবল

নেইমার বিশ্বের প্রথম হোম অফিস করা ফুটবলার, বললেন ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০২৬, ০২:৪০ পিএম

ইনজুরি কাটিয়ে ২০২৬ বিশ্বকাপে নেইমার জুনিয়রের মাঠে ফেরা যখন সময়ের ব্যাপার মাত্র, ঠিক তখনই ব্রাজিলের এই পোস্টার বয়কে নিয়ে মজার এক রসিকতা করেছেন খোদ দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দি সিলভা। ইনজুরির কারণে দলের সাথে ভ্রমণ না করে নিউ জার্সিতে পুনর্বাসনে থাকা নেইমারকে বিশ্ব ফুটবলের ইতিহাসে প্রথম ‘ওয়ার্ক ফ্রম হোম’ বা ‘রিমোটলি কাজ করা’ ফুটবলার বলে অ্যাখ্যা দিয়েছেন এই রাষ্ট্রপ্রধান।

বেলো হরিজন্তেতে এক সরকারি অনুষ্ঠানে এক শিশু ফুটবল ভক্ত নেইমারের প্রতি তার ভালোবাসা প্রকাশ করলে এবং বিশ্বকাপে নেইমারের ঝলক দেখার আশা জানালে লুলা মজার ছলে বলেন, “নেইমার তো এখনো খেলছেই না। ও হলো বিশ্বের প্রথম ‘হোম-অফিস’ ডাক পাওয়া ফুটবলার!”

আরও পড়ুন- দ্বিতীয় রাউন্ড নিশ্চিতে ব্রাজিলের সামনে এখন যে সমীকরণ

প্রেসিডেন্ট লুলা অবশ্য অকপটে স্বীকার করেছেন যে, এই ‘হোম-অফিস ফুটবলার’ শব্দবন্ধটি তিনি ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট থেকে অনুপ্রাণিত হয়ে বলেছেন। কট্টর ফুটবল ভক্ত লুলা রসিকতা করে আরও যোগ করেন, “পরিস্থিতি যেদিকে যাচ্ছে, একদিন আমরা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে এমন এক দল বানাব যেখানে এগারোজন পেলে থাকবেন!”

বিশ্বকাপের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ব্রাজিলের ১-১ গোলে ড্র করার আগে কোচ কার্লো আনচেলত্তিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় লুলা পরামর্শ দিয়েছিলেন যেন ফুটবলাররা ‘হৃদয়’, ‘সাহস’ এবং ‘জনগণের প্রতি ভালোবাসা’ নিয়ে মাঠে নামেন। কিন্তু প্রথম ম্যাচে ব্রাজিলের ছন্নছাড়া পারফরম্যান্স এবং অন্যদিকে আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ে লিওনেল মেসির জাদুকরি পারফরম্যান্স দেখার পর লুলা আর চুপ থাকতে পারেননি। বুধবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আবারও কৌতুক করে বলেন, “ব্রাজিলের পরের ম্যাচের (হাইতি ম্যাচ) জন্য আপনাদের কী ভবিষ্যৎবাণী? আমি আসলে ভাবছিলাম ব্রাজিল দলে খেলার জন্য মেসিকে সাইন করানো যায় কি না!”

কয়েক মাস ধরে একাধিক ইনজুরির সাথে লড়াই করা ৩৪ বছর বয়সী নেইমারকে আনচেলত্তি দলে রাখলেও প্রথম ম্যাচে তিনি বেঞ্চেই বসে ছিলেন। এমনকি শুক্রবার ফিলাডেলফিয়াতে হাইতির বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচে দলের সাথে ভ্রমণও করেননি তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনএক বিবৃতিতে জানিয়েছে, সান্তোসের এই ফরোয়ার্ড তাঁর পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য নিউ জার্সিতেই অবস্থান করছেন।