স্পোর্টস ডেস্ক
২১ জুন ২০২৬, ০৩:১৭ এএম
বিশ্বকাপের প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছিল জার্মানি। কিন্তু দ্বিতীয় ম্যাচে এসে আইভরিকোস্টের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথমার্ধ শেষে ১-০ গোলে পিছিয়ে থেকেই মাঠ ছাড়তে হয়েছে তাদের।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলতে থাকে জার্মানি। একের পর এক আক্রমণে আইভরিকোস্টের রক্ষণভাগে চাপ সৃষ্টি করলেও শুরুতে গোল আদায় করতে পারেনি তারা। একবার বল জালে পাঠালেও ফাউলের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি।
অন্যদিকে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় আইভরিকোস্ট। ফ্রাঙ্ক কেসির গোলে লিড নেয় আফ্রিকার দলটি। বক্সের ভেতরে তৈরি হওয়া জটলার মধ্যে ফিরতি বলে শট নিয়ে বল জালে জড়ান কেসি।
এরপর আবারও জার্মানি গোলের স্বাদ পায়, তবে সেই গোলও বাতিল হয়ে যায়। কাই হাভার্টজের শট জালে গেলেও তার আগে আইভরিকোস্ট ডিফেন্ডার ইমানুয়েল আগবাদুর ফাউলের কারণে গোলটি বাতিল করেন রেফারি।
শেষ পর্যন্ত প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও সমতা ফেরাতে পারেনি জার্মানি। বরং ১-০গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।