Dhaka Mail Logo

ফুটবল

মেসি-এমবাপের গোলে বড় জয় পিএসজির

স্পোর্টস ডেস্ক

২২ অক্টোবর ২০২২, ১০:৫০ এএম

লিগ ওয়ানে পিএসজির জয়রথ যেন থামছেই না। নেইমারকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ক্রিস্তফ গালতিয়ের দলকে। হলুদ কার্ডের খাঁড়ায় অনুপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের নৈপুণ্যে আজাকসিওকে ৩-০ গোলের ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরো পাকাপোক্ত করল প্যারিসের ক্লাবটি। 

নেইমার ও স্প্যানিশ তারকা সার্জিও রামোসকে ছাড়া আজাকসিওর বিপক্ষে মাঠে নেমে রীতিমত আধিপত্য বিস্তার করেছে পিএসজি। ম্যাচের প্রথমার্ধ থেকেই একের পর এক আক্রমণ করে যায় চ্যাম্পিয়নরা। ম্যাচের ১৩ মিনিটেই এগিয়ে যেতে পারতো মেসিরা। তবে সে যাত্রায় আজাকসিওর গোলারক্ষক বাঁধা হয়ে দাঁড়ায়। 

তবে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় নি পয়েন্ট তালিকার শীর্ষস্থানে থাকা দলটিকে। ম্যাচের ২৪ মিনিটে কিলিয়ান এমবাপে পিএসজির হয়ে প্রথম গোলটি করেন। মেসির দারুণ থ্রু বল ডি-বক্সে পেয়ে ডান পায়ের শটে বল জালে জড়ান এই ফরাসি তারকা।  

প্রথামার্ধ ১-০ গোলে এগিয়ে শেষ করে পিএসজি। দ্বিতীয়ার্ধে আক্রমণ আরো বাড়াতে থাকে গালতিয়ের দল। ম্যাচের ৭৯ মিনিটে পিএসজির হয়ে দ্বিতীয় গোলটি করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। তার তিন মিনিট পর ম্যাচে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পান এমবাপে। শেষ দিকে আর কোন গোল না হলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। 

লিগ ওয়ানের এবারের আসরে মেসিরা এখনো অপরাজিত এবং ৩২ পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছে। 

এমএএম