Dhaka Mail Logo

তথ্য-প্রযুক্তি

ইলেকট্রনিক্স বাজারে স্যামসাং-এসকোয়ারের নতুন অংশীদারিত্ব

ঢাকা মেইল ডেস্ক

১৭ মে ২০২৬, ০৪:০৭ পিএম

দেশের বাজারে কনজ্যুমার ইলেকট্রনিক্স পণ্য আরও সহজলভ্য করতে এসকোয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের সঙ্গে কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে স্যামসাং বাংলাদেশ। এর ফলে এখন থেকে সারা দেশের গ্রাহকেরা এসকোয়ার ইলেকট্রনিক্সের শোরুম নেটওয়ার্ক থেকে স্যামসাংয়ের পণ্য কিনতে পারবেন।

রোববার (১৭ মে) দুপুরে রাজধানীর এসকোয়ার টাওয়ারে আয়োজিত এক অনুষ্ঠানে এ অংশীদারিত্বের ঘোষণা দেওয়া হয়।

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জু, কনজ্যুমার ইলেকট্রনিক্স বিভাগের ডিরেক্টর ও হেড অব বিজনেস শাহরিয়ার বিন লুৎফর, রিটেইল স্ট্র্যাটেজি বিভাগের ডেপুটি জেনারেল ম্যানেজার রাজীব দাশগুপ্ত এবং প্রোডাক্ট প্ল্যানিং বিভাগের চিফ ম্যানেজার আনিকা রহমান।

এসকোয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমান, ডিরেক্টর আজমান আরিফ রহমান, জেনারেল ম্যানেজার মো. তানভীর আহমেদ এবং চিফ ফিন্যান্সিয়াল অফিসার আবদুল্লাহ-আল-রাশেদ।

আরও পড়ুন: স্মার্টফোনের সংজ্ঞা পাল্টাচ্ছে চ্যাটজিপিটি; কথা শুনেই চলবে ফোন

এই সমন্বিত উদ্যোগের মাধ্যমে টেলিভিশন, রেফ্রিজারেটর, ওয়াশিং মেশিন এবং মাইক্রোওয়েভ ওভেনের মতো স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তিপণ্য এখন সারা দেশের গ্রাহকদের হাতের নাগালে পৌঁছে যাবে।

মূলত বিশ্বমানের প্রযুক্তিকে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলতেই এই উদ্যোগ নিয়েছে স্যামসাং ও এসকোয়ার।

samasung.jpg-

অনুষ্ঠানে স্যামসাং বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জাং মিন জু বলেন, এই অংশীদারিত্ব সফল করতে সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টার জন্য আমরা কৃতজ্ঞ। এসকোয়ার ইলেকট্রনিক্স ও স্যামসাংয়ের এই চুক্তি আমাদের গ্রাহককেন্দ্রিক সেবার প্রতিশ্রুতিরই একটি বড় প্রতিফলন। স্যামসাংয়ের আধুনিক প্রযুক্তি ও এসকোয়ার ইলেকট্রনিক্সের রিটেইল অভিজ্ঞতা মিলে গ্রাহকদের বিশ্বমানের কেনাকাটার অভিজ্ঞতা দিতে চাই।

এসকোয়ার ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর আরিফুর রহমানও এই উদ্যোগ নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, স্যামসাংয়ের সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। এই উদ্যোগের ফলে স্যামসাংয়ের আধুনিক সব প্রযুক্তি মানুষের কাছে পৌঁছে দেওয়া এখন আগের চেয়ে অনেক সহজ হবে।

গ্রাহকদের কেনাকাটার অভিজ্ঞতাকে আরও ঝামেলামুক্ত করতে এ চুক্তির আওতায় বিশেষ কিছু সুবিধা রাখা হয়েছে। গ্রাহকেরা এখন থেকে স্যামসাং পণ্য ক্রয়ে ফ্রি ডেলিভারি, প্রফেশনাল ইনস্টলেশন এবং ডেডিকেটেড ইন-হাউস সার্ভিসের মতো সুবিধা উপভোগ করতে পারবেন।

এজেড/এআর