বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

পঞ্চগড়ে অভিযানে অবৈধ চা জব্দ, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড

জেলা প্রতিনিধি, পঞ্চগড়
প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৬, ০৩:২১ এএম

শেয়ার করুন:

পঞ্চগড়ে অভিযানে অবৈধ চা জব্দ, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাদেশ চা বোর্ডের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মোড়কজাত ও বিক্রয়ের অভিযোগে এক চা ব্যবসায়ীকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে বিপুল পরিমাণ অবৈধ চা ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) জেলার তেঁতুলিয়া উপজেলার মাগুরা এলাকায় অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন।

অভিযানে ‘হোটেল বড়বিল্লা অ্যান্ড কাঁচা পাতা চা হাউস’ এর মালিক মো. হাফিজুর রহমানকে দোষী সাব্যস্ত করে ১ (এক) মাসের কারাদণ্ড প্রদান করা হয়।

চা বোর্ড সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যবসায়ী বাংলাদেশ চা বোর্ডের ‘বাংলাদেশ টি’ ব্র্যান্ডসহ দেশের বিভিন্ন স্বনামধন্য ব্র্যান্ডের মোড়ক নকল করে অবৈধভাবে চা মোড়কজাত ও বিক্রি করে আসছিলেন। অভিযানের সময় তার প্রতিষ্ঠান থেকে প্রায় ৪৫ কেজি ব্ল্যাক টি, ৭ কেজি গ্রিন টি, ১২ কেজি নকল খালি চা প্যাকেট, একটি সিলার মেশিন এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ সাবিনা ইয়াছমিন বলেন, ‘চা বোর্ডের লাইসেন্স ছাড়া অবৈধভাবে ব্যবসা পরিচালনা এবং ‘বাংলাদেশ টি’ সহ বিভিন্ন প্রতিষ্ঠিত ব্র্যান্ডের মোড়ক নকল করে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী দেশের বিভিন্ন এলাকায় চা বিক্রি করছে। এসব অনিয়ম প্রতিরোধে চা বোর্ড নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অবৈধ চা ব্যবসা বন্ধ, চা শিল্পে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং সরকারের রাজস্ব ফাঁকি রোধে জেলা প্রশাসনের সহায়তায় পঞ্চগড় জেলার বিভিন্ন চা ব্যবসা প্রতিষ্ঠান ও বটলিফ চা কারখানায় দিনব্যাপী এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে বাংলাদেশ চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, উন্নয়ন কর্মকর্তা মো. আমির হোসেন, ভূমি নিয়ন্ত্রণ কর্মকর্তা দিদারুল মওলা, বিপণন কর্মকর্তা আহসান হাবিব, জনসংযোগ কর্মকর্তা মো. রাজিবুল হাসানসহ তেঁতুলিয়া থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিনিধি/এফএ

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর