বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নুরুল হক

জেলা প্রতিনিধি, মুন্সিগঞ্জ
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০৪:৩২ এএম

শেয়ার করুন:

প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: নুরুল হক
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। ছবি: ঢাকা মেইল

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সেখানে কর্মরত প্রায় ৭৫ লাখ প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিতে সরকার সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর। একই সঙ্গে এ পর্যন্ত চার প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর নিশ্চিত করে তিনি বলেন, তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে চেষ্টা চলছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় হামদর্দ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জেলা গণঅধিকার পরিষদ আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, ছুটিতে দেশে ফিরে আসার পর সাম্প্রতিক পরিস্থিতির কারণে ফ্লাইট বাতিল হওয়ায় এবং ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় অনেক প্রবাসী বিপাকে পড়েছেন। তাদের আবেদনের প্রেক্ষিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে যাওয়ার জন্য আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বাড়ানো হচ্ছে। তবে যাঁদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তাঁদের এই সুবিধা পেতে আগামী ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতিতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও ইরানের দ্বন্দ্বের প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, 'সেখানে কর্মরত প্রায় ৭৫ লাখ প্রবাসী বাংলাদেশির নিরাপত্তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাওয়া হচ্ছে। তবে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে প্রবাসী বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে কিছু চ্যালেঞ্জ তৈরি হয়েছে।'

তিনি আরও জানান, মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া ও এশিয়ার বিভিন্ন দেশ-থাইল্যান্ড ও কম্বোডিয়ায় শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

অনুষ্ঠানে মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক জাহিদুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় যুব অধিকার পরিষদের প্রচার সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।

এ সময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ সদর সার্কেলের (সদর-গজারিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান, গজারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক এ কে এম গিয়াস উদ্দিন, রফিকুল ইসলাম ভিপি মাসুম, মাসুদ ফারুক, ইসহাক আলী এবং মুন্সিগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না প্রমুখ।

পরে অনুষ্ঠান শেষে বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ২৪ জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও জুলাই আন্দোলনের আহতদের সুস্থতা কামনা করেও দোয়া করা হয়।

প্রতিনিধি/এমআই

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর