বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

ভ্যান চালকের ঘর নির্মাণে টিন দিলেন ফ্রান্স প্রবাসী বদরুল

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ
প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ১০:৩১ পিএম

শেয়ার করুন:

ভ্যান চালকের ঘর নির্মাণে টিন দিলেন ফ্রান্স প্রবাসী বদরুল

হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ রেলওয়ে বস্তির অসহায় বাসিন্দা ও পেশায় ভ্যান চালক জামাল মিয়ার পাশে দাঁড়িয়েছেন ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার। মানবিক সহায়তার অংশ হিসেবে তিনি জামাল মিয়াকে নতুন ঘর নির্মাণের জন্য টিন এবং আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিবারের সদস্যদের জন্য শাড়ি ও লুঙ্গি উপহার প্রদান করেছেন। প্রবাসে অবস্থান করেও অসহায় মানুষের প্রতি তার এই সহানুভূতিশীল উদ্যোগ এলাকাবাসীর মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শায়েস্তাগঞ্জ রেলওয়ে বস্তির বাসিন্দা জামাল মিয়া দীর্ঘদিন ধরে অত্যন্ত কষ্টের মধ্য দিয়ে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। তিনি পেশায় একজন ভ্যানচালক হলেও আয় স্বল্প হওয়ায় পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতেই তাকে হিমশিম খেতে হয়। বসবাসের জন্য একটি নিরাপদ ঘর নির্মাণের স্বপ্ন থাকলেও আর্থিক সংকটের কারণে তা বাস্তবায়ন করা সম্ভব হচ্ছিল না। বৃষ্টি ও ঝড়ের সময় তাদের ভাঙাচোরা ঘরে বসবাস করা ছিল অত্যন্ত কষ্টকর ও ঝুঁকিপূর্ণ।

এই বিষয়টি জানতে পেরে ফ্রান্স প্রবাসী সমাজসেবক বদরুল আলম তালুকদার মানবিক দৃষ্টিকোণ থেকে এগিয়ে আসেন। তিনি জামাল মিয়ার পরিবারের কষ্টের কথা বিবেচনা করে তাদের জন্য ঘর নির্মাণের টিনের ব্যবস্থা করেন এবং ঈদ উপলক্ষে পরিবারের জন্য শাড়ি ও লুঙ্গি উপহার পাঠান। সম্প্রতি শায়েস্তাগঞ্জ রেলওয়ে বস্তি এলাকায় এসব সামগ্রী আনুষ্ঠানিকভাবে জামাল মিয়ার হাতে বদরুল আলম তালুকদারের পক্ষে তুলে দেন সমাজসেবক আজমল আলী শিহাব ও বাবুল মিয়া।

সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে জামাল মিয়া বলেন, আমি খুবই অসহায় একজন মানুষ। পরিবার নিয়ে অনেক কষ্টে দিন পার করছি। আমার ঘরটি খুবই জরাজীর্ণ ছিল। এমন সময় বদরুল আলম তালুকদার ভাই আমার জন্য ঘর তৈরির টিন এবং ঈদের উপহার পাঠিয়েছেন। এতে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত ও কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, এই সহযোগিতার কারণে এখন আমি নতুন করে ঘর তৈরি করতে পেরেছি এবং আমার পরিবার কিছুটা নিরাপদে বসবাস করতে পারবে। আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

আরও পড়ুন

ক্যানসারে আক্রান্ত ফাহমিদাকে ফ্রান্স প্রবাসী বদরুলের আর্থিক অনুদান

এ বিষয়ে সমাজসেবক বদরুল আলম তালুকদার জানান, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক বিত্তবান মানুষের নৈতিক দায়িত্ব। তিনি বলেন, আমি প্রবাসে থাকলেও সবসময় চেষ্টা করি আমার এলাকার মানুষের জন্য কিছু করতে। সমাজে অনেক মানুষ আছেন যারা নীরবে কষ্ট করে জীবন কাটাচ্ছেন। তাদের পাশে দাঁড়াতে পারলে সেটাই আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।

তিনি আরও জানান, ভবিষ্যতেও তিনি মানবিক ও সামাজিক কর্মকাণ্ড অব্যাহত রাখবেন এবং অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করবেন।

স্থানীয় এলাকাবাসী জানান, প্রবাসে অবস্থান করেও বদরুল আলম তালুকদার নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে একজন মানবিক সমাজসেবক হিসেবে এলাকায় ব্যাপক সুনাম অর্জন করেছেন।

এলাকাবাসী আরও বলেন, সমাজের বিত্তবান ও প্রবাসী ব্যক্তিরা যদি এভাবে মানবিক কাজে এগিয়ে আসেন, তাহলে সমাজে দারিদ্র্য ও কষ্টে থাকা অনেক মানুষের জীবনমান উন্নত করা সম্ভব হবে। বদরুল আলম তালুকদারের মতো মানুষের উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে বলে তারা আশা প্রকাশ করেন।

প্রতিনিধি/এসএস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর