নওগাঁর বদলগাছীতে সড়ক দুর্ঘটনায় উম্মে কুলসুম নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। আহত হয়েছেন মমতাজ বেগম নামে আরেক শিক্ষিকা। এ ঘটনা শুনে হার্ট অ্যাটাকে তাসনিম আরা নামে এক শিক্ষার্থী মারা গেছেন।
মঙ্গলবার (১৯ মে) মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত উম্মে কুলসুম বদলগাছী লাবণ্য প্রভা কমিউনিটি বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং বাসা উপজেলার পুরাতন ব্রিজ এলাকায়। আহত শিক্ষিকা মমতাজ বেগমের বাড়ি গোরশাহী গ্রামে।
অপরদিকে নিহত শিক্ষার্থী তাসনিম আরা (১৪) বদলগাছী লাবণ্য প্রভা বিদ্যালয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। সে আধাইপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল কালাম চৌধুরী মেয়ে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিদ্যালয় ছুটির পর একটি সিএনজিযোগে উম্মে কুলসুম এবং মমতাজ বেগম বোর্ড পরীক্ষার খাতা সংগ্রহ করতে একসঙ্গে মহাদেবপুর যাচ্ছিলেন। পথে বদলগাছী-মাতাজি সড়কে চাকরাইল বটতলী নামক স্থানে বিপরীত দিক থেকে আসা ধান মাড়াই (বঙা) মেশিনের সঙ্গে তাদের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তারা দু’জনেই গুরুতর আহত হন। ঘটনার পর স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক উম্মে কুলসুমকে মৃত ঘোষণা করেন। আহত মমতাজ বেগমকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার খবর বিদ্যালয়ে পৌঁছালে অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাসনিম আরা হ্যার্ট অ্যাটাক করে অসুস্থ হয়ে পড়ে। তৎক্ষণাৎ শিক্ষক ও সহপাঠীরা তাকে উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক শামিম ইয়াসার বলেন, শিক্ষিকা উম্মে কুলসুমকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে। সড়ক দুর্ঘটনার সময় তিনি মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছিলেন।
তিনি আরো বলেন, শিক্ষার্থী তাসনিম আরাকে হাসপাতালে দুপুর ২টার দিকে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে, আকস্মিক তীব্র মানসিক ধাক্কায় মস্তিষ্কের রক্ত চলাচল ব্যাহত হওয়ায় বা হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে।
লাবণ্য প্রভা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম বলেন, শিক্ষিকা উম্মে কুলসুম এবং অষ্টম শ্রেণির ছাত্রী তাসনিম আরার মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এমন মর্মান্তি ঘটনা আমাদের বাকরুদ্ধ করেছে।
এ বিষয়ে বদলগাছী থানার পরিদর্শক (ওসি) রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার খবর পেয়ে নিহতদের মরদেহ পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যদিকে ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত সিএনজি এবং ধানমাড়াই করা বঙা মেশিন জব্দ করা হয়েছে, তবে ঘটনার পর সিএনজি ও বঙা চালক পালিয়ে গেছে। এ ঘটনায় থানায় থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/এসএস




